বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২ জুন, ২০২৬
জীবনযাপন

ঈদের ছুটি শেষ, শুরু ‘পোস্ট-ভ্যাকেশন ব্লুজ’: সামলাবেন কীভাবে?

office photo

ঈদের দীর্ঘ ছুটি শেষ। পরিবারের সঙ্গে আনন্দ, আড্ডা, ভ্রমণ আর আরাম-আয়েশের দিনগুলো পেরিয়ে আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে হচ্ছে। কিন্তু ছুটি শেষে প্রথম কয়েক দিন অনেকেরই কাজে মন বসতে চায় না। সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, অফিসে গিয়েও মন পড়ে থাকে ছুটির আনন্দময় স্মৃতিতে। এটাকে অনেকেই ‘পোস্ট-ভ্যাকেশন ব্লুজ’ বলে থাকেন।

তবে কিছু সহজ অভ্যাস ও পরিকল্পনার মাধ্যমে দ্রুত কর্মজীবনের ছন্দে ফিরে আসা সম্ভব।

কাজের জায়গা গুছিয়ে নিন

দীর্ঘ বিরতির পর অফিসে ফিরে প্রথমেই নিজের ডেস্ক বা কাজের জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাগজপত্র গুছিয়ে রাখুন, প্রয়োজনীয় নথি আলাদা করুন। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল কর্মপরিবেশ মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং কাজের প্রতি আগ্রহও বাড়ায়।

ছোট কাজ দিয়ে শুরু করুন

অফিসে ফিরেই বড় বা জটিল কাজের চাপ নেওয়ার প্রয়োজন নেই। প্রথমে সহজ ও তুলনামূলক কম সময় লাগে এমন কাজগুলো শেষ করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং ধীরে ধীরে কাজের গতি ফিরে পাবেন।

অগ্রাধিকারভিত্তিক কাজের তালিকা তৈরি করুন

ছুটির সময় জমে থাকা কাজগুলো একসঙ্গে দেখে দুশ্চিন্তায় পড়ার কিছু নেই। একটি তালিকা তৈরি করুন এবং কাজগুলো গুরুত্ব অনুযায়ী ভাগ করুন। জরুরি কাজ আগে শেষ করুন, কম গুরুত্বপূর্ণ কাজ পরে করুন। পরিকল্পনা অনুযায়ী এগোলে চাপও কম অনুভূত হবে।

মাস ও সপ্তাহের পরিকল্পনা সাজিয়ে নিন

নতুন মাসের শুরুতে পুরো মাসের কাজের একটি রূপরেখা তৈরি করা যেতে পারে। একই সঙ্গে সপ্তাহভিত্তিক লক্ষ্য নির্ধারণ করলে কাজ আরও সহজ হয়ে যায়। বড় কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করলে সেগুলো সম্পন্ন করাও সহজ হয়।

একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করবেন না

ছুটি শেষে অনেকেই দ্রুত সব কাজ শেষ করার চেষ্টা করেন। এতে উল্টো মানসিক চাপ বেড়ে যায়। এক সময়ে একটি কাজে মনোযোগ দিন। এতে কাজের মান ভালো হবে এবং ক্লান্তিও কম অনুভূত হবে।

কাজের সময় কাজে মনোযোগ দিন

অফিসে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের গল্প-আড্ডা হবেই। তবে সেটি যেন কাজের ব্যাঘাত না ঘটায়। কাজের সময় সামাজিক যোগাযোগমাধ্যম, অপ্রয়োজনীয় ফোনকল বা অতিরিক্ত আড্ডা থেকে দূরে থাকুন। নির্দিষ্ট বিরতির সময়গুলোতে এসব সেরে নিতে পারেন।

পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর খাবার খান

ছুটির সময় অনিয়মিত খাবার ও অতিরিক্ত ভোজনের অভ্যাস অনেকেরই হয়। কাজে ফেরার পর শরীরকে স্বাভাবিক ছন্দে আনতে পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার ক্লান্তি বাড়াতে পারে।

নিয়মিত ঘুমের অভ্যাসে ফিরুন

ঈদের ছুটিতে রাত জাগা ও দেরিতে ঘুম থেকে ওঠার প্রবণতা দেখা যায়। কর্মস্থলে ফেরার আগে বা ফেরার পর যত দ্রুত সম্ভব নিয়মিত ঘুমের রুটিনে ফিরে আসুন। পর্যাপ্ত ঘুম মনোযোগ, স্মৃতিশক্তি ও কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাঝেমধ্যে ছোট বিরতি নিন

দীর্ঘ সময় একটানা কাজ করলে মনোযোগ কমে যেতে পারে। প্রতি এক থেকে দেড় ঘণ্টা পর কয়েক মিনিটের জন্য উঠে হাঁটুন, পানি পান করুন বা চোখকে বিশ্রাম দিন। এতে কাজের প্রতি মনোযোগ ধরে রাখা সহজ হয়।

পরবর্তী ছুটির পরিকল্পনা করুন

ছুটি শেষ হয়ে গেছে বলে মন খারাপ না করে সামনে কী করবেন, কোথায় ঘুরতে যাবেন বা পরবর্তী ছুটিতে কী পরিকল্পনা আছে তা নিয়ে ভাবুন। ভবিষ্যতের আনন্দময় পরিকল্পনা মানসিকভাবে ইতিবাচক থাকতে সাহায্য করে।

ইতিবাচক মানসিকতা ধরে রাখুন

ছুটির আমেজ কাটিয়ে আবার কাজের ছন্দে ফিরতে কিছুটা সময় লাগা একেবারেই স্বাভাবিক। নিজেকে অযথা চাপ না দিয়ে ধীরে ধীরে রুটিনে ফিরুন। সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বিশ্রাম এবং ইতিবাচক মানসিকতা থাকলে কয়েক দিনের মধ্যেই আগের কর্মউদ্যম ফিরে আসবে।

অফিসঈদছুটিপোস্ট-ভ্যাকেশন ব্লুজশেষ