বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২ জুন, ২০২৬
স্বাস্থ্য

পরোক্ষ ধূমপানে বাড়ছে নারীর স্বাস্থ্যঝুঁকি

IMG_1181

ধূমপান ও তামাকের ক্ষতি শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং নারীরাও এর ভয়াবহ প্রভাবের শিকার হন। শুধু সরাসরি ধূমপায়ী নয়, গণপরিবহন বা প্রকাশ্যে ধূমপানের কারণে নারী, শিশু ও বয়স্করা পরোক্ষ ধূমপানের ঝুঁকিতেও পড়েন- যা সমানভাবে ক্ষতিকর।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দেশে কোটি কোটি মানুষ নিয়মিতভাবে পরোক্ষ ধূমপানের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর ফলে নারীদের মধ্যে হৃদ্‌রোগ, শ্বাসতন্ত্রের জটিলতা, অ্যাজমা, শ্বাসকষ্ট এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, শিশুদের জন্য এই ঝুঁকি আরও গুরুতর। পরোক্ষ ধূমপানের কারণে তাদের নিউমোনিয়া, বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যজটিলতা দেখা দিতে পারে। এমনকি শিশুর স্বাভাবিক শারীরিক বিকাশও ব্যাহত হয়।

বাংলাদেশে বহু নারীর মধ্যে পান, সুপারি, জর্দা, গুল, সাদা পাতা ও খইনিসহ বিভিন্ন ধোঁয়াহীন তামাকজাত পণ্য ব্যবহারের প্রবণতা দেখা যায়। এসব পণ্য ধূমপান ছাড়াই গ্রহণ করা হলেও এর ক্ষতিকর প্রভাব কোনো অংশে কম নয়। বরং এসবের কারণে নারীরা মুখগহ্বরের ক্যানসার, দাঁত ও মাড়ির রোগ, হৃদ্‌রোগ এবং গর্ভকালীন জটিলতাসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

জরিপ অনুযায়ী, দেশে প্রায় ২৪ দশমিক ৮ শতাংশ নারী ধোঁয়াহীন তামাক ব্যবহার করেন, যা পুরুষদের তুলনায় বেশি। ফলে বিপুলসংখ্যক নারী তামাকজনিত রোগ ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছেন। বিশেষ করে সন্তানসম্ভবা নারীদের জন্য এই অভ্যাস অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাভাবিক বিকাশে গুরুতর প্রভাব ফেলে।

অন্যদিকে, যেসব নারী নিজেরা ধূমপান করেন না, তারাও সম্পূর্ণ নিরাপদ নন। পরিবারের কোনো সদস্য ধূমপান করলে একই পরিবেশে থাকা অন্য সদস্যরা পরোক্ষ ধূমপানের শিকার হন। এতে সন্তানসম্ভবা নারী ও তার গর্ভস্থ সন্তানের ওপর মারাত্মক প্রভাব পড়ে এবং বিকলাঙ্গ শিশুর জন্মের ঝুঁকি বাড়ে।

পরোক্ষ ধূমপান শিশুদের জন্যও অত্যন্ত ক্ষতিকর। এর ফলে নিউমোনিয়া, হাঁপানি, কানের সংক্রমণ এবং আকস্মিক মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। একইভাবে, গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভপাত, কম ওজনের শিশু জন্ম এবং প্রসবকালীন জটিলতার আশঙ্কা বৃদ্ধি পায়।

এছাড়া, গর্ভাবস্থায় মায়ের ধূমপান বা তামাকপণ্য ব্যবহারের ফলে ভ্রূণের রক্ত সঞ্চালন ব্যাহত হয়। এর কারণে নির্ধারিত সময়ের আগে সন্তান প্রসব, কম ওজনের শিশুর জন্ম এবং ঠোঁট বা তালু কাটার মতো জন্মগত ত্রুটির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

তামাকধূমপাননারীস্বাস্থ্য