অ্যান্টিবায়োটিক কাজ না করায় ২৫ বছরে ৪ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা: ডব্লিউএইচও

অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা কমে যাওয়ায় আগামী ২৫ বছরে বিশ্বে প্রায় ৪ কোটি মানুষের মৃত্যু হতে পারে। এ বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, জীবাণু ওষুধে সহজে না মরলে সাধারণ অস্ত্রোপচার থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) ডব্লিউএইচওর কর্মকর্তারা জানান, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় বিশ্বজুড়ে কাজের গতি এখনো যথেষ্ট নয়। এ সমস্যা ঠেকাতে জীবাণু শনাক্ত করা, সংক্রমণ প্রতিরোধ করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে হবে।
ডব্লিউএইচও-এর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জ্যঁ-পিয়েরে নিয়েমাজি বলেন, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে আধুনিক চিকিৎসাব্যবস্থা হুমকির মুখে পড়ছে।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারির মতো এ সমস্যাটি চোখে দেখা যায় না। কিন্তু ওষুধ কাজ না করায় বছরের পর বছর ধরে মানুষ মারা যাচ্ছে। বিষয়টি নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২১ সালে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতার কারণে সরাসরি ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৪৭ লাখ মৃত্যুর সঙ্গে এ সমস্যার সম্পর্ক ছিল।
পরিকল্পনা থাকলেও কাজ কম
চলতি বছর ১৮৩টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ দেশের এ সমস্যা মোকাবিলায় জাতীয় পরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে এ হার ছিল মাত্র ৪০ শতাংশ। তবে পরিকল্পনা থাকলেও মাত্র ৪২টি দেশ তা বাস্তবায়নের জন্য অর্থের ব্যবস্থা করেছে এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছে।
ডব্লিউএইচও-এর কর্মকর্তা প্রভাশা প্রকাশ বলেন, ২০৩০ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হলে দেশগুলোকে আরও দ্রুত কাজ করতে হবে।
সংস্থাটির ২০২৩ সালের তথ্য বলছে, পরীক্ষাগারে শনাক্ত হওয়া প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের একটির ক্ষেত্রে চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিক কাজ করেনি।
এ সমস্যা মোকাবিলায় রোগ শনাক্ত করার জন্য দুটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, সংক্রমণ ঠেকানো, টিকা দেওয়া, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা—এসব পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির উন্নতি সম্ভব।



