‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনে নামছেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের প্রথম গেইট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে অংশ নেবেন জাতীয় সংসদের সাবেক সদস্য ও বিএনপির নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। বিষয়টি তিনি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘‘বনলতা এক্সপ্রেস’ মুভি প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়াতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হবে। উপস্থিত থাকবো আমি।’
এ ছাড়া তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির তথ্য প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী, সংস্কৃতিপ্রেমী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষকে মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে ঘোষিত কর্মসূচির বিরোধিতা করেছেন কওমি ঐক্যপরিষদের নেতা নাসরুল্লাহ মুয়াজ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেন, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ জনগণ ইসলামবিরোধী অপসংস্কৃতির আগ্রাসন প্রতিহত করেছেন। একই সঙ্গে তিনি এ ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানান।
গত ৩০ মে রাতে কসবা উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে প্রদর্শনী শুরুর আগমুহূর্তে প্রশাসন ও পুলিশ গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন আয়োজক আদিব রেজা রঙ্গণ।
আদিব রেজা রঙ্গণ তালতলা গ্রামের বাসিন্দা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর শিক্ষার্থী। তিনি জানান, শহরের নির্ধারিত প্রদর্শনী স্থগিত হওয়ার পর বিকল্পভাবে গ্রামের মাঠে সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রদর্শনী বন্ধ করে দেয়।
এর আগে একই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনী হওয়ার কথা ছিল। তবে কওমি মাদরাসার কিছু শিক্ষার্থীর বিরোধিতার মুখে আয়োজক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি অনুষ্ঠানটি স্থগিত করে।
সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় সরাইলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।



