বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৪ মে, ২০২৬
বিবিধ

ট্রেন ভ্রমণে স্বস্তি, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড়

WhatsApp Image 2026-05-24 at 1.11.28 PM

রেলযাত্রাকে আরও সহজ ও মানবিক করতে প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে নেওয়া এ সুবিধা আগামী ২৫ মে থেকে সারা দেশে কার্যকর হবে।

রোববার (২৪ মে) রেলপথ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ রেলওয়েকে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের দাবি, গণপরিবহন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ট্রেনের মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। তবে এই সুবিধা পেতে যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং প্ল্যাটফর্ম ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধিত থাকতে হবে। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে বয়স যাচাই করা হবে। স্টেশন কাউন্টার থেকেও ছাড়ের টিকিট পাওয়া যাবে। তবে এই ছাড় কেবল মূল ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য খরচ আগের নিয়মেই পরিশোধ করতে হবে। একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই সুবিধা ভোগ করতে পারবেন।

সহযাত্রীদের ক্ষেত্রে আলাদা নিয়ম রাখা হয়েছে। কোনো প্রবীণ ব্যক্তি অন্য কাউকে সঙ্গে নিয়ে টিকিট কাটলে সহযাত্রীর জন্য স্বাভাবিক ভাড়াই প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও যদি প্রবীণ হন এবং নিজের মোবাইল নম্বর দিয়ে ভেরিফায়েড থাকেন, তাহলে প্রতি বুকিংয়ে একজন অতিরিক্ত প্রবীণ ব্যক্তি একই ছাড় পাবেন।

এছাড়া টিকিট ফেরত দিলে সেই যাত্রা সাপ্তাহিক গণনার বাইরে থাকবে এবং যাত্রী পুনরায় ছাড়ের সুযোগ পাবেন। অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী শারীরিক প্রতিবন্ধীরাও বিশেষ এই সুবিধার আওতায় থাকবেন। বর্তমানে আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে যে ৫০ শতাংশ ছাড় চালু আছে, তা বহাল থাকবে। পাশাপাশি এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত সব শ্রেণিতেও নতুন করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

তবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত এই সুবিধা শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ডেটাবেজের সঙ্গে সমন্বয় করে অনলাইনেও এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য এখনো ছাড় কার্যকর না হলেও কমিউটার ট্রেনে ইউনিফাইড স্টুডেন্ট আইডি চালুর পর শিক্ষার্থীদের জন্যও ২৫ শতাংশ ছাড়ের বিষয়টি বিবেচনায় রয়েছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকে প্রবীণ, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ রেল সুবিধা চালুর নির্দেশনা দেওয়া হয়েছিল। তারই প্রথম ধাপ হিসেবে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য এই ছাড় কার্যকর করা হচ্ছে।

ছাড়ট্রেনপ্রতিবন্ধীপ্রবীণরেলপথ মন্ত্রণালয়