বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জীবনযাপন

বাঙালির সবচেয়ে আন্তরিক প্রশ্ন-‘চা খাবেন?’

ytea

আপনিও কি ঘুম থেকে উঠে প্রথমে চা-এর খোঁজ করেন? বিকেলের ক্লান্তি হোক কিংবা ভোরের অলসতা- এক কাপ চা ছাড়া যেন বাঙালির দিন কাটে না। পরিচিত কারও সঙ্গে দেখা হলে এখনো অনেক কথার শুরু হয় একটি সহজ আমন্ত্রণে- ‘চলো, চা খাই।’ রাস্তার মোড়ের টং দোকান থেকে শুরু করে শহরের অভিজাত ক্যাফে, এক কাপ চা শুধু সাধারণ কোনো পানীয় নয়; এটি একটি আবেগ।

বিশ্বজুড়ে চায়ের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বকে স্বীকৃতি দিতেই প্রতি বছর ২১ মে পালিত হয় আন্তর্জাতিক চা দিবস হিসেবে। চা উৎপাদনকারী দেশগুলোর যৌথ প্রস্তাবের ভিত্তিতে ২০১৯ সালে দিবসটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় জাতিসংঘ। এরপর ২০২০ সালে প্রথমবারের মতো জাতিসংঘের উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক চা দিবস। বিশ্বের কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠা এই পানীয়কে ঘিরে শ্রম, সংস্কৃতি ও অর্থনীতির বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরতেই দিবসটি পালন করা হয়।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন সামনে রেখে এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘চা-শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’। তবে পবিত্র ঈদুল আজহার ছুটির আমেজ থাকার কারণে আজ দিবসটি আনুষ্ঠানিক ভাবে উদ্‌যাপিত হচ্ছে না। বাংলাদেশ চা বোর্ড (টি বোর্ড) জানিয়েছে, আগামী জুন মাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদ্‌যাপন করা হবে।

প্রশ্ন হচ্ছে, কেন চা-কে ঘিরে এত আবেগ-অনুভূতি? বাঙালি জীবনের নিত্যদিনের সঙ্গী হল চা। কারও দিনের শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে, আবার কারও রাত জাগা শেষ হয় শেষ এক কাপ চায়ে। ক্লাস শেষে বন্ধুদের আড্ডা, অফিসের ফাঁকে ছোট্ট বিরতি, কিংবা দীর্ঘ ভ্রমণে রাস্তার পাশের টং দোকানে থেমে একটু চা উপভোগ করা- সব জায়গাতেই চা যেন এক নীরব সঙ্গী।

চায়ের সঙ্গে জড়িয়ে আছে মানুষের অসংখ্য ছোট ছোট গল্পও। কোনো সম্পর্কের শুরু হয়েছে ‘চা খাবেন?’ প্রশ্ন দিয়ে, আবার অনেক অভিমান ভেঙেছে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের টেবিলে বসে। রাজনীতি থেকে ক্রিকেট, প্রেম থেকে জীবনের হতাশা— প্রায় সব আলোচনার মাঝখানেই থাকে এক কাপ চা।

তবে এই চায়ের পেছনেও আছে ভিন্ন এক পৃথিবীর গল্প।
দেশের চা-বাগানগুলোতে ভোর থেকে কাজ শুরু করেন হাজারো শ্রমিক। কুয়াশাভেজা সকালে মাথায় ঝুড়ি নিয়ে তারা তুলে আনেন সবুজ চা-পাতা। সেই পাতাই একসময় পৌঁছে যায় শহরের কাপভর্তি উষ্ণতায়। তাই চা শুধু পানীয় নয়; এটি শ্রম, সংস্কৃতি, সম্পর্ক আর জীবনেরও গল্প।

বাংলাদেশে চা শ্রমিকরা এখন পর্যন্ত তাদের প্রাপ্য মর্যাদা পাননি। খুবই স্বল্প মজুরির বিনিময়ে হাড়ভাঙা খাটুনি করেন তারা। টি বোর্ড সূত্রে জানা গেছে, ২০ জুন আয়োজিত মূল অনুষ্ঠানে দেশের চা–শিল্পের বিকাশ, উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করবে সরকার। চা–বাগানের মালিক, সফল চাষি, রপ্তানিকারক ও শ্রমিকদের কাজের মূল্যায়ন করতেই এই পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা এ খাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের আরও অনুপ্রাণিত করবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশের অর্থনীতিতে চা একটি সম্ভাবনাময় ও ঐতিহ্যবাহী খাত। করোনাকালের ধাক্কা ও জলবায়ু পরিবর্তনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও দেশের চা–শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। চা–বাগানগুলো এখন এগিয়ে যাচ্ছে রেকর্ড উৎপাদনের দিকে।

একসময় চা উৎপাদন মূলত সিলেট ও চট্টগ্রামকেন্দ্রিক হলেও এখন উত্তরবঙ্গের সমতল এলাকাতেও বাড়ছে চাষের পরিধি। পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ফলে চা এখন শুধু একটি পানীয় নয়, দেশের গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিগুলোর একটি হয়ে উঠছে।

অর্থাৎ, এক কাপ চায়ের সঙ্গে জড়িয়ে আছে মানুষের গল্প, শ্রম আর অনুভূতির দীর্ঘ ইতিহাস। তাই আন্তর্জাতিক চা দিবস শুধু একটি পানীয়কে উদযাপনের দিন নয়, বরং চায়ের কাপের আড়ালে থাকা মানুষগুলোর গল্প মনে করারও একটি বিশেষ উপলক্ষ।

আন্তর্জাতিকচাদিবস