বাল্যবিবাহ এড়িয়ে আজ ফার্স্ট লেডি

সিয়েরা লিওনের ফার্স্ট লেডি ফাতিমা বায়োর জীবন শুরু হয়েছিল এক মর্মান্তিক বাস্তবতার মধ্য দিয়ে। ১৩ বছর বয়সে তার বাবা তাকে এক ত্রিশোর্ধ্ব পুরুষের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। তবে তিনি তা মেনে নেন নি, ১৬ বছর বয়সে গৃহযুদ্ধের সময় তিনি পালিয়ে যান এবং আত্মীয়দের সাহায্যে দেশত্যাগ করে যুক্তরাজ্যে আশ্রয় নেন। লন্ডনে শুরু হয় ফাতিমার এক নতুন জীবন, স্বাধীনতা এবং পেয়ে যান নিজের কণ্ঠ। ফাতিমা নিজেই বলেন, ‘এক বিকৃত বয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ের চেয়ে ঐ সময় অনেক ভালো ছিল।’
লন্ডনে পৌঁছানোর পর ফাতিমার জীবন ধীরে ধীরে বদলে যায়। তিনি অভিনয় ও সামাজিক কাজের মাধ্যমে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেন। এসময় এক সাক্ষাৎকারে ফাতিমার সাথে পরিচয় হয় সিয়েরা লিওনের বর্তমান রাষ্ট্রপতি জুলিয়াস বায়োর সঙ্গে। তাদের বিয়ে এবং রাজনৈতিক জীবনের সংযোগ ফাতিমাকে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।

ফাতিমা বায়ো এখন সিয়েরা লিওনের ফার্স্ট লেডি হিসেবে পরিচিত। তিনি নারী ও মেয়েদের অধিকার নিয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে মেয়েদের জন্য বিনামূল্যে স্যানিটারি পণ্য বিতরণ করেন এবং মেয়েদের শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছেন। ২০২৪ সালে শিশুবিবাহ বন্ধের আইন প্রবর্তনের পেছনে তার নিজের অভিজ্ঞতা ছিল মূল প্রেরণা। ফাতিমা নিজেই প্রায় বাল্য বিবাহের ভুক্তভোগী ছিলেন-মাত্র ১৩ বছর বয়সেই তার বাবা তার বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু যুদ্ধে বিভ্রান্তির সুযোগে তিনি পালিয়ে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অত্যন্ত সক্রিয়। সেখানে তিনি নাচ, ভিডিও এবং সরাসরি সমালোচনা ও মতামত প্রকাশ করেন। এর ফলে তিনি দেশের যুবসমাজের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
তবে তার এই সক্রিয় ভূমিকার কারণে তাকে সমালোচনার মুখোমুখিও হতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বা বক্তৃতার কারণে তাকে প্রায়ই কটাক্ষ করা হয়। তবে ফাতিমা এতে তেমন প্রতিক্রিয়া দেখান না। ফাতিমা মনে করেন, তার কাজ হলো সাধারণ মানুষ ও সরকারকে সংযোগ করা, যাতে সমাজের দুর্বল অংশের কণ্ঠ শোনা যায়।

ফাতিমা বায়োর জীবন গল্পটি সাহস, লড়াই এবং পরিবর্তনের প্রতীক। শিশু বিবাহ থেকে পালানো কিশোরী, লন্ডনের আশ্রয়প্রার্থী, তারপর ফার্স্ট লেডি-তার পথচলা দেখায় কিভাবে একজন নারী নিজের শক্তি ও স্বাধীনতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে পারে। তিনি নারী ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে অনন্য উদাহরণ স্থাপন করেছেন, যা সিয়েরা লিওনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
ফাতিমা নিজেই বলেন, ‘আমি রাষ্ট্রপতি হতে চাই না। এটা ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভর করবে। যখন ঈশ্বর চাইবেন, কেউ বাধা দিতে পারবে না।’ এই আত্মবিশ্বাসই তাকে দেশ ও বিশ্বমঞ্চে শক্তিশালী ও প্রভাবশালী ফার্স্ট লেডি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।



