বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
নারী

২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্বপ্না

ChatGPT Image May 18, 2026, 10_32_47 PM

জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তখন করতালিতে মুখর। লং জাম্পের ট্র্যাকে দৌড় শুরু করলেন ২২ বছর বয়সী এক তরুণী। বাতাসে ভেসে যখন বালুর ওপর আছড়ে পড়লেন, ততক্ষণে দেশের অ্যাথলেটিকসের ২২ বছরের পুরোনো ইতিহাস নতুন করে লেখা হয়ে গেছে। ৬.২৫ মিটার দূরত্ব পেরিয়ে লং জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্বপ্না খাতুন।

এর আগে ২০০৪ সালে ইসলামাবাদের এসএ গেমসে ৬.০৭ মিটার লাফিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন ফৌজিয়া হুদা জুঁই। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের কোনো নারী অ্যাথলেট যে দূরত্বের ধারেকাছেও যেতে পারেননি, তা অনায়াসে পেরিয়ে গেলেন স্বপ্না।

এই রেকর্ডের পেছনে লুকিয়ে আছে এক অনন্য আবেগঘন গল্প। স্বপ্না যার ২২ বছরের পুরোনো রেকর্ডটি ভাঙলেন, সেই ফৌজিয়া হুদা জুঁই ছিলেন বিকেএসপিতে স্বপ্নার প্রথম কোচ। কোচের রেকর্ড ভেঙে নতুন রানি হওয়ার পর উচ্ছ্বসিত স্বপ্না বলেন, ‘ম্যাডামের হাত ধরেই বিকেএসপিতে আমার গড়ে ওঠা। ওনার নিজেরও ইচ্ছা ছিল যেন আমি ওনার এই রেকর্ডটি ভেঙে দিই। আজ ওনার রেকর্ড ভাঙতে পেরে আমার স্বপ্ন সত্যি হলো।’

কৃষক পরিবার থেকে উঠে আসা স্বপ্নার জন্য এই পথচলা মোটেও সহজ ছিল না। সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই শীতকালীন অ্যাথলেটিকসে অংশ নিতেন। ২০১৯ সালে বিকেএসপিতে ভর্তি হওয়ার পর শুরু হয় তাঁর আসল লড়াই। ২০২৪ সালের শেষের দিকে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনীতে। অনুশীলনে সর্বোচ্চ ৫.৯৯ মিটার পর্যন্ত লাফানো স্বপ্না মূল মঞ্চে এসে নিজেকে ছাড়িয়ে গেলেন।

জাতীয় পর্যায়ে অভাবনীয় কীর্তির পর স্বপ্নার চোখ এখন আন্তর্জাতিক মঞ্চে। সামনে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এসএ গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। নিজের ভবিষ্যৎ লক্ষ্য জানিয়ে স্বপ্না বলেন, ‘এসএ গেমসে আমার লক্ষ্য ৬.৬০ মিটার লাফানো। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উন্নত প্রশিক্ষণ পেলে ইনশা আল্লাহ সামনে দেশের জন্য পদক আনব।’

জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে গতকাল রোববার স্বপ্না ছাড়াও আরও তিন অ্যাথলেট নতুন রেকর্ড গড়েছেন। ছেলেদের ডিসকাস থ্রোয়ে নৌবাহিনীর ফারুক আহমেদ ৪৭.৫৯ মিটার ছুড়ে ২০২৫ সালে সেনাবাহিনীর আব্দুল আলিমের (৪৬.৯৪ মিটার) রেকর্ড ভেঙেছেন।

মেয়েদের ডিসকাস থ্রোতে নৌবাহিনীর জাফরিন আক্তার ৪৬.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে নিজেরই গড়া তিন বছর পুরোনো (৪৩.৪৯ মিটার) রেকর্ডটি ভাঙেন। এ ছাড়া মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর বর্ষা খাতুন ১ মিনিট ০৩.১৭ সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন গত বছর নিজেরই গড়া রেকর্ড।

অ্যাথলেটিকসভাঙলেনরেকর্ডলং জাম্পস্বপ্না