এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্বে সাবেক ঢাবি ছাত্রী সাদিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সাদিয়া ফারজানা দিনা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সর্দার আমিরুল ইসলাম সাগরকে সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলে পদটি শূন্য হয়। বহিষ্কারের ১২ ঘণ্টা পর সেখানে সাদিয়াকে মনোনীত করেছে এনসিপি।

সোমবার (১৮ মে) এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত পাঠানো নোটিশে সাদিয়া ফারজানা দিনাকে ঢাকা উত্তর শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব প্রদানের তথ্য জানানো হয়।
দলের বিরুদ্ধে ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার অভিযোগ তুলে গতকাল রোববার বিকেলে ফেসবুকে এক পোস্টে সর্দার আমিরুল ইসলাম লেখেন, “আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।” এরপর মধ্যরাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করে এনসিপি। পরবর্তীতে সাদিয়া ফারজানাকে দলের এ দায়িত্ব দেওয়ার কথা জানায় এনসিপি।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদটি শুন্য হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে দলীয় সিদ্ধান্তে সাদিয়া ফারজানাকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন সাদিয়া ফারজানা দিনা। এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।



