‘ভাষা ও আচরণ উন্নত করা উচিত’ – শিক্ষামন্ত্রীকে প্রকাশ্য পরামর্শ
শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী নাফসিন মেহনাজ আজিরিন...

শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী নাফসিন মেহনাজ আজিরিন এবার সরাসরি প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভাষা, আচরণ এবং শিক্ষাদর্শন নিয়ে।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর কথাবার্তা ও আচরণে এক ধরনের “উগ্র মানসিকতা” প্রকাশ পায়, যা একজন দায়িত্বশীল নীতিনির্ধারকের সঙ্গে যায় না।
মেহনাজের ভাষায়, “তাকে দেখলে মনে হয় তিনি একাই সঠিক আর বাকিরা সবাই ভুল। এই ধরনের মানসিকতা ও আচরণ আসলে খুবই উগ্রবাদী। একজন শিক্ষামন্ত্রীর ভাষা ও ব্যবহার আরও পরিমিত ও দায়িত্বশীল হওয়া উচিত।”
সম্প্রতি শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করেই মূলত তার এই প্রতিক্রিয়া। কয়েকদিন আগে এক বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অতিরিক্ত স্বাধীনতা দিলে সেখানে ‘জঙ্গিবাদ’ তৈরি হওয়ার ঝুঁকি বাড়তে পারে। সেই মন্তব্যকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে মেহনাজ বলেন, এতে শুধু শিক্ষার্থীদের নয়, পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, “একটি বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো একটি শিক্ষাব্যবস্থার ওপর চাপানো যায় না। টেরোরিস্টের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান, সমাজ বা পরিবার হয় না। একজনের অপরাধ দিয়ে লাখো শিক্ষার্থীকে বিচার করা অন্যায়।”
জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজপথে সক্রিয় ছিল এবং সেই অংশগ্রহণ আন্দোলনকে আরও শক্তিশালী করেছিল।
মেহনাজ বলেন, “আমাদের ডাকসু নেই, সংগঠনের শক্ত কাঠামো নেই, তবুও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে ছিল। ১৮ তারিখ তারা মাঠে না নামলে পরিস্থিতি কোথায় যেত, সেটাও ভাবা উচিত।”
তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ এটিকে শিক্ষার্থীদের ক্ষোভের প্রতিফলন বলছেন, আবার কেউ মনে করছেন- নীতিনির্ধারকদের বক্তব্যে আরও সংযম ও ভারসাম্য থাকা প্রয়োজন।


