নিখোঁজের একদিন পর তেঁতুল গাছের মগডালে নারী, উদ্ধারকালে পুকুরে লাফ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূকে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে তিনি হঠাৎ পুকুরে লাফ দেন। সেখান থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।
বুধবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম সাজেদা বেগম (৬০)। তিনি একই এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সাজেদা বেগম নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কখনো গাছের ডালে বসে, কখনো শুয়ে ছিলেন। এমনকি তাকে সেখানে বসে কিছু খেতেও দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করে। তবে পরিবারের আপত্তির কারণে শুরুতে তারা কাজ করতে পারেনি। এ সময় হঠাৎ সাজেদা বেগম গাছ থেকে পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে গাছের মগডালে দেখতে পান। পরে তিনি পুকুরে লাফ দিলে দ্রুত তাকে উদ্ধার করা হয়।



