‘এভাবে আমার ছেলেকে আমি দেখতে চাই নাই’ – ছেলের এই করুণ পরিণতিতে দিশেহারা মা

২৭ বছর বয়সী জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি এবং একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরে তাদের এক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে লিমনের রুমমেট ও মার্কিন নাগরিক হিশাম আবুঘারবিহকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সন্দেহভাজন হিশামকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে কয়েকটি কালো রঙের পলিথিন ব্যাগে লিমনের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়।
অবশেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আবেঘণ পরিস্থিতির সৃষ্টি হয়। ছেলের এই করুণ পরিণতি কোনো ভাবেই মেনে নিতে পারছেন না মা। শোকে দিশেহারা মা জানান, ‘এইভাবে আমার ছেলেকে আমি দেখতে চাই নাই’ । লিমনের পরিবারের পক্ষ থেকে তার মামা মরদেহ গ্রহণ করেন এবং জানান যে, মরদেহটি তাদের গ্রামের বাড়ি জামালপুরে দাফন করা হবে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার দুই শিক্ষার্থীর বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছি। যাতে এ হত্যার সুষ্ঠু তদন্ত হয়, সুষ্ঠু বিচার হয়। সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি নিহতের পরিবার ন্যায়বিচার পাবে।
সোমবার (৪ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত লাশ গ্রহণ করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।



