বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

বান্দরবানের দুর্গম পাহাড়ে হামের প্রাদুর্ভাব

Bandarban

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। হামের প্রকোপ সবচেয়ে বেশি আলীকদম উপজেলায়। গত শনিবার এই উপজেলার কুরুকপাতা বাজারে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসেন চৌধুরী জানান, এই ক্যাম্পে একসঙ্গে ৩০ জন রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে তিনজন চিকিৎসক, তিনজন নার্স, একজন ল্যাবরেটরি বিশেষজ্ঞ এবং একজন সহকারী সিভিল সার্জন দায়িত্ব পালন করছেন।

চিকিৎসকেরা জানান, ক্যাম্প চালুর প্রথম দিন ৬৫ জন রোগী জ্বর ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে আসেন। পরের দিন রোববার একই উপসর্গ নিয়ে আসেন আরও ৫৫ জন। এর মধ্যে প্রথম দিন তিনজন এবং দ্বিতীয় দিন ছয়জনের হাম শনাক্ত হয়। আক্রান্তদের ওই ক্যাম্পেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

|

সিভিল সার্জন কার্যালয়ের সূত্রমতে, আলীকদম উপজেলায় অন্তত ২৮ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এ ছাড়া লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ছয়জন করে রোগী ভর্তি আছেন। আক্রান্তদের বেশির ভাগই ম্রো ও মারমা শিশু।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কুরুকপাতা ইউনিয়নের ইয়াংরিং পাড়ার ‘প্লেননই হোস্টেলে’ থাকা প্রায় ১৫০ ম্রো শিশুর মধ্যে অন্তত ৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা অপ্রতুল হওয়ার কারণেই এই সংকট তৈরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় বাসিন্দা ইয়াংথাং ম্রো বলেন, ‘বাচ্চা অসুস্থ হলে তাকে আলীকদম সদর হাসপাতালে নিতে প্রায় ৬০০ টাকা খরচ হয়। এই টাকা জোগাড় করা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। এলাকায় মোবাইল নেটওয়ার্কও নেই। ফলে জরুরি প্রয়োজনে গাড়িও ডাকতে পারি না।’

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্রাথু পুং ম্রো দাবি করেন, তার ইউনিয়নে হামের মতো উপসর্গ নিয়ে ইতিমধ্যে চার শিশুর মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি দুর্গম এই এলাকার মানুষের জীবন রক্ষায় এবং অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জরুরি নির্দেশ দিয়েছেন।

Advertisements