বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিবিধ

বিসিবি পরিচালক পদে নারী ক্রিকেটারদের প্রতিনিধিত্ব চান রুমানা আহমেদ

rumana

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ দেশের ক্রিকেট বোর্ডে(বিসিবি) পরিচালক হিসেবে নারী ক্রিকেটাররা দলের প্রতিনিধিত্ব করলে তা ইতিবাচক পদক্ষেপ হবে বলে জানিয়েছেন।

ক্রিকবাজকে রুমানা বলেন, ‘অনেকের মুখেই শুনছি যে পরিচালক পদে কোনো নারী ক্রিকেটারের আসা উচিত। আমাদের ভেতরেও এমন একটা চাওয়া আছে। কারণ নারী ক্রিকেটের খুঁটিনাটি সমস্যাগুলো কেবল একজন নারী ক্রিকেটারই ভালো বুঝতে পারবেন।’

বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাড-হক কমিটি বিসিবির অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনা করছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার পর আগামী জুনের মাঝামাঝি সময়ে বিসিবি নির্বাচনের তোড়জোড় চলছে। এই প্রেক্ষাপটেই নারী ক্রিকেটারদের মধ্য থেকে পরিচালক নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।

বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ২৫ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ১২ জন ক্লাব ক্যাটাগরি থেকে, ১০ জন জেলা ও বিভাগীয় পর্যায় থেকে, ২ জন এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) মনোনীত ও ১ জন ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও অন্যান্য সংস্থা) থেকে।

এখন পর্যন্ত এই ২৫ জন পরিচালকের মধ্যে কোনো নারী ক্রিকেটারের জন্য নির্দিষ্ট কোটা বা পদ নেই। রুমানা নিজেও স্বীকার করেছেন যে, বর্তমান কাঠামোতে পরিবর্তন আনা বেশ জটিল। বিশেষ করে গঠনতন্ত্র সংশোধন ছাড়া নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা প্রায় অসম্ভব।

পুরুষ ক্রিকেটে সাবেক তারকা ক্রিকেটারদের বোর্ডে আসা বা গুরুত্বপূর্ণ পদে বসার রেওয়াজ থাকলেও নারী ক্রিকেটে তা এখনো অধরা। রুমানা বলেন, ‘ছেলেরা যেহেতু তাদের পক্ষ থেকে বোর্ডে আসার বা কাজ করার সুযোগ পাচ্ছেন, মেয়েদের ক্ষেত্রেও তেমনটা হওয়া উচিত। তবে বাংলাদেশে নিজেরা গিয়ে চেয়ে খুব একটা কাজ হয় না; বোর্ড থেকে যদি কোনো প্রস্তাব আসে তবে সেটি বেশি কার্যকর হয়।’

বিসিবির ইতিহাসে নারী পরিচালক আসার বিষয়টি হবে একটি ঐতিহাসিক ঘটনা, তবে সেই ইতিহাস গড়ার পথে বড় বাধা এখন সময়ের স্বল্পতা ও আইনি প্রক্রিয়া। দেশের ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকে।

নারী ক্রিকেটারপ্রতিনিধিত্ববিসিবিবিসিবি পরিচালক