শাস্তি পেলেন বাংলাদেশী ক্রিকেটার নাহিদা ও শারমিন

গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধির লেভেল–১ লঙ্ঘনের দায়ে বাংলাদেশের দুই খেলোয়াড় নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
নাহিদা আক্তারের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। এই ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে খেপিয়ে তোলা বা বিদ্রূপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না। অন্যদিকে শারমিন সুলতানার বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে সম্পর্কিত। জরিমানার পাশাপাশি এই দুই খেলোয়াড়ের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
গত ২৪ মাসের মধ্যে এটা তাদের প্রথম অপরাধ। সেই ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসে ১৭তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হওয়ার পর প্যাভিলিয়নের দিকে ইশারা করে তাকে ‘সেন্ড-অফ’ দেখান নাহিদা। অন্যদিকে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ হওয়ার পর আম্পায়ারকে দেখিয়ে শারমিন তার ব্যাটের দিকে ইশারা করেন এবং মাঠ ছাড়তে দেরি করার পাশাপাশি হতাশা প্রকাশ করেন।



