বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিবিধ

সরাইল হাসপাতালটি নিজেই রোগীর মতো: সংসদে রুমিন ফারহানা

Rising-Cumilla-Rumeen-Farhana

সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের সাড়ে তিন লাখ মানুষের জন্য ৫০ শয্যার একটি হাসপাতাল—নিজেই রোগীর মতো মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপিত সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। সেই হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো। কারণ এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ওষুধ, অত্যাধুনিক যন্ত্রপাতি—সকল কিছুর সংকট বিদ্যমান।

‘আমাদের এই হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখনো পুরোনো দোতলা ভবন; যে ভবনটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়, সেখানেই কাজ চালানো হচ্ছে। জানা গেছে, এই হাসপাতালে কনসালট্যান্টসহ চিকিৎসকদের নয়টি, নার্সের ছয়টি, মেডিকেল টেকনোলজিস্টের দুটি, ফিল্ড স্টাফের ১৫টি, স্বাস্থ্য সহকারী আটটি ও অন্যান্য ১৯টি প্রেষণে থাকা পদসহ ৬৪টি পদ শূন্য রয়েছে,’ আরো যোগ করেন তিনি।

রুমিন ফারহানা বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সদস্য আজহারুল ইসলাম মান্নানের আনা সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায়। ওই প্রস্তাবের ওপর আলোচনায় আরও কয়েকজন সংসদ সদস্য নিজেদের এলাকার হাসপাতালের সংকট, শয্যা বাড়ানো এবং নতুন হাসপাতাল স্থাপনের দাবি তুলে ধরেন।

পরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের কাছে ১০০ শয্যার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এবং ৩০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল রয়েছে। এর মধ্যে ৩০০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রয়োজন হলে ভবিষ্যতে নতুন হাসপাতালের বিষয়ও বিবেচনা করা যেতে পারে।

এরপর মূল প্রস্তাবকারী আজহারুল ইসলাম মান্নান তাঁর সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহারের ইচ্ছার কথা জানান। স্পিকার কণ্ঠভোটে দিলে সংসদের অনুমতিতে সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

রুমিন ফারহানাসরাইল হাসপাতালসংসদ