বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

পহেলা বৈশাখে ঢাবিতে যাতায়াত নিয়ে জরুরি নির্দেশনা

DU-2604121224

পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই যানবাহন চলাচলে কড়াকড়ি থাকবে। সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি প্রবেশপথ (শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল) আগামী ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার রাত ১০টা থেকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ ১৪ এপ্রিল মঙ্গলবার ভোর ৬টা থেকে এবং দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল প্রবেশপথ দুপুর ১২টার পর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত সময়ে নীলক্ষেত প্রবেশদ্বার ছাড়াও উদয়ন স্কুলের সামনে দিয়ে প্রবেশ করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্য কোনো যানবাহন উক্ত সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

নববর্ষের দিন বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের প্রবেশ পুনরায় বন্ধ থাকবে। এ সময়ে বহিরাগতরা ক্যাম্পাস হতে কেবল বের হতে পারবেন, প্রবেশ করতে পারবে না। এ নির্দেশনা রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেরকে উপরে উল্লেখিত সময়ে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

১৪ এপ্রিল বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে অনুষ্ঠিতব্য সকল কর্মসূচি সম্পন্ন করতে হবে। এ সময়ের পর উন্মুক্ত স্থানে কোনো কর্মসূচির আয়োজন করা যাবে না।’

Advertisements