বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

ভোলায় হাসপাতালে ওষুধ দেওয়ার কথা বলে চিকিৎসাধীন নারীকে ধ/র্ষ/ণ, আটক ১

child-rape-3

ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক ব্যক্তি একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই নারীর (৪৫) বাড়ি ভোলা সদর উপজেলায়। তাঁর স্বামী মারা গেছে। স্বজনেরা জানিয়েছেন, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

দুপুরে ওষুধ দেওয়ার কথা বলে অভিযুক্ত ব্যক্তি তাকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের জিম্মায় নেয়।

হাসপাতালের ভেতরে এমন অপ্রীতিকর ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মরত অনেকে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে তুলে দিয়েছি।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী নারীর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে।

Advertisements