পরিত্যক্ত পানির ট্যাংকির সামনে বসে ছানাদের অপেক্ষায় ছিল মা বিড়ালটি, মায়ের কাছে ফিরিয়ে দিল ফায়ার সার্ভিস

নাটোর শহরের কানাইখালী চালপট্টি সড়কের একটি বাড়ির পরিত্যক্ত পানির ট্যাংকিতে পড়ে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ ছিল তিনটি বিড়ালছানা। ছানাগুলোকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়ে মা বিড়ালটি; খাওয়া-দাওয়া ছেড়ে সারাক্ষণ তাদের খুঁজে বেড়াচ্ছিল সে।
ঘটনাটি ঘটে ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমানের বাড়িতে। তিনি জানান, প্রায় দুই সপ্তাহ আগে তাঁর বাড়ির সিঁড়ির নিচে একটি বিড়াল তিনটি ছানার জন্ম দেয়। ছানাগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করলেও হঠাৎ তিন দিন আগে থেকে তাদের আর দেখা যাচ্ছিল না। তবে মা বিড়ালটি সেখানেই অবস্থান করে ক্রমাগত ডাকতে থাকে।
রোববার রাত সাড়ে আটটার দিকে হাবিবুর রহমানের নাতি সাকিব হোসেন সিঁড়ির নিচে থাকা একটি পরিত্যক্ত পানির ট্যাংকির ভেতর থেকে ছানাগুলোর শব্দ পেয়ে তাদের অবস্থান শনাক্ত করেন। পরিবারের সদস্যরা নানা উপায়ে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুর রউফের নেতৃত্বে একটি দল রাত নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা ১০ ফুট গভীর সরু মুখের ট্যাংকি থেকে জীবিত অবস্থায় তিনটি বিড়ালছানাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।
উদ্ধারের পর ক্ষুধার্ত ছানাগুলো সঙ্গে সঙ্গে মায়ের দুধ পান করতে শুরু করলে সেখানে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মীরাও অনুভব করেন বিশেষ তৃপ্তি।বাড়ির মালিক জানান, ট্যাংকিটির ঢাকনায় সামান্য ফাঁক থাকায় ছানাগুলো সেখানে পড়ে যায়। সরু মুখের কারণে উদ্ধারকাজটি কঠিন হয়ে উঠেছিল। এ সময় মা বিড়ালটিও ছানাদের কাছে থাকতে ট্যাংকের ভেতরে ঝাঁপ দেয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুর রউফ বলেন, প্রাণীদের জীবন ও অনুভূতি রয়েছে—এই মানবিক দায়িত্ববোধ থেকেই তারা উদ্ধারকাজে অংশ নেন। জীবিত অবস্থায় মা ও ছানাগুলোকে উদ্ধার করতে পেরে তারা আনন্দিত।



