হামসহ ৬ রোগের টিকা আনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেয়া হয়েছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান

হামসহ ৬টি রোগের টিকা কিনতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান দিয়েছেন তিনি। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামসহ ৬টি রোগের টিকা কিনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি বাড়ানো হবে।’ তিনি আরো বলেন, ‘ঢাকা, রাজশাহী এবং মানিকগঞ্জ ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোন খাতে কী ধরনের সহযোগিতা করতে পারে, এ বিষয়ে পরিকল্পনা গ্রহণের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র।’



