গরমে সুস্থ থাকতে করণীয়

স্বাস্থ্য এবং সুস্থতার জন্য শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখা গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় হল, বাহ্যিক কারণগুলি যেমন অত্যন্ত গরম আবহাওয়া, তীব্র শারীরিক পরিশ্রম, অথবা বিভিন্ন কারণে অস্বাভাবিক শারীরিক অবস্থা, শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির কারণ হতে পারে। এই অবস্থাকে বলা হয় শরীরের তাপ বা তাপ চাপ, যখন নিয়ন্ত্রণহীন থাকে, তখন একজন ব্যক্তি অস্বস্তি বোধ করতে পারে বা জটিলতার দিকে এগিয়ে যেতে পারে।
শরীরের তাপমাত্রা কেন বৃদ্ধি পায়?
সাধারণত শরীরের তাপ বিভিন্ন অভ্যন্তরীণ বা বাহ্যিক কারণের কারণে বৃদ্ধি পেতে পারে। যেমন- টাইট বা সিনথেটিক কাপড় পড়লে, অনেক সময় ধরে সূর্যের আলোতে থাকলে, ব্যায়াম করার অভ্যাস থাকলে অতিরিক্ত গরমেও তা চলমান রাখা, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া, শরীরে অতিরিক্ত জ্বর বা আগে থেকেই অসুস্থতা থাকলে।

তীব্র গরমে সুস্থ থাকার উপায়
- বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে।
- শরীরে পানিশূন্যতা এড়াতে ঘন ঘন পানি ও শরবত পান করতে হবে। সম্ভব হলে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল বহন করতে হবে।
- রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে।
- ভারি ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরতে হবে।
- একটানা কেউ রোদে কাজ করবেন না। কাজের মধ্যে কিছু সময় পরপর ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিতে হবে।
- প্রচুর পানি ও লবণ আছে এমন খাবার বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খেতে হবে।
- গরমের দিনে হালকা এবং মশলাদার নয় এমন খাবার খেতে হবে। পেঁপের জুস, আমলকি দিয়ে ডাল , সজনের তরকারি, মাছের ঝোল পাতলা করে খাওয়া যেতে পারে।
- মানসিক চাপ এবং উদ্বেগ শরীরকে গরম করে তোলে। যোগব্যায়াম, গভীর শ্বাস-প্রশ্বাস এবং ধ্যান হল শিথিলকরণ পদ্ধতি যা শরীরকে শান্ত করে। চাইলে মেডিটেশনও করা যেতে পারে।
- আপনার কপাল, ঘাড় বা কব্জিতে ঠান্ডা কম্প্রেস বা ভেজা কাপড় লাগালে তাৎক্ষণিকভাবে আপনার ত্বকের তাপমাত্রা কমে যাবে।
- চা বা কফির ক্যাফেইন দেহকে পানিশূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। অতিরিক্ত গরমে চা বা কফি এড়িয়ে চলুন।
কখন মেডিকেল এটেনশন চাইতে হবে
- আপনার তাপমাত্রা এক দিনেরও বেশি সময় ধরে ১০২°F (৩৮.৯°C) এর বেশি।
- গরম থাকলেও, আপনি খুব বেশি ঘামছেন না বা একেবারেই ঘামছেন না।
- আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা আছে যা গরম পড়লে আরও খারাপ হয়ে যায়।
এর অর্থ হতে পারে আপনার হিটস্ট্রোক, হঠাৎ সংক্রমণ, অথবা দীর্ঘমেয়াদী অসুস্থতা যা আরও খারাপ হচ্ছে এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন।



