বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

পথে চুরি হয়ে গেল নেসলের ১২ টন কিটক্যাট

পথে চুরি হয়ে গেল নেসলের ১২ টন কিটক্যাট

ইতালি থেকে পোল্যান্ডে পাঠানোর পথে গত সপ্তাহে প্রায় ১২ টন কিটক্যাট চকলেট বার বহনকারী একটি কার্গো নিখোঁজ হয়েছে। এতে মোট ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি চকলেট বার ছিল।

সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। এখন পর্যন্ত পণ্যবোঝাই যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ইউরোপের বিভিন্ন বাজারে সরবরাহের উদ্দেশ্যে উৎপাদন কেন্দ্র থেকে এই চালান পাঠানো হয়েছিল।

নেসলে জানিয়েছে, চুরি হওয়া চকলেটগুলো ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ বা অনানুষ্ঠানিক বাজারে বিক্রি হওয়ার ঝুঁকি রয়েছে। তবে প্রতিটি পণ্যে থাকা বিশেষ ‘ব্যাচ কোড’ দিয়ে এগুলো শনাক্ত করা সম্ভব।

এই ঘটনার মাধ্যমে নেসলে কার্গো চুরির ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কোম্পানিটি বলেছে, ‘যদিও আমরা অপরাধীদের চমৎকার স্বাদের প্রশংসা করি, তবে বাস্তবতা হলো কার্গো চুরি সব ধরনের ব্যবসার জন্যই একটি ক্রমবর্ধমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

কিটক্যাটের বিখ্যাত বিজ্ঞাপন স্লোগান ‘হ্যাভ এ ব্রেক’-এর [বিরতি নাও] দিকে ইঙ্গিত করে এক মুখপাত্র বলেন, ‘আমরা সবসময় মানুষকে কিটক্যাট দিয়ে একটি বিরতি নিতে উৎসাহিত করি। কিন্তু চোরেরা এই বার্তাটিকে একটু বেশিই আক্ষরিক অর্থে নিয়েছে এবং আমাদের ১২ টনেরও বেশি চকোলেট বার নিয়ে চম্পট দিয়েছে।’