দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা!

ইসরায়েলের নাগরিকদের জীবনে প্রতিদিনের অংশ হয়ে উঠেছে সতর্কতামূলক সাইরেন। ইরান থেকে সম্ভাব্য মিসাইল বা ড্রোন হামলার সংকেত দেওয়া হলে মুহূর্তে সবাই আশ্রয়কেন্দ্র বা বোমা শেল্টারে চলে যায়। কিন্তু কিছু লোক এই পরিস্থিতিকে ব্যবহার করছেন এক অদ্ভুত প্রতারণার জন্য।
ইস্রায়েলের চ্যানেল-১৩ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেকে দোকান থেকে পণ্য বা রেস্তোরাঁ থেকে খাবার কিনে, সাইরেনের অপেক্ষায় থাকে। সাইরেন বাজলেই দোকান ও রেস্তোরাঁর কর্মীরা আতঙ্কে আশ্রয় নিতে চলে যান—আর তখনই এই সুবিধাবাদীরা বিল না দিয়ে চলে যান।
এই কৌশল এতটাই প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছে যে, সতর্কতামূলক সাইরেন বাজলেই কয়েক মিনিটের মধ্যে দোকান ও খাবারশালায় বিল ফাঁকির ঘটনা ঘটছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। যুদ্ধের শুরু থেকেই প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা, ফলে সাইরেনের আওয়াজ এখন স্বাভাবিক অংশ। আর এই অভ্যাসকে কাজে লাগাচ্ছেন কিছু সুবিধাবাদী নাগরিক—এক প্রকার ‘সাইরেন বিল ফাঁকি’ অভিনব কৌশল।


