৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

ঈদের ছুটির শেষে কমলাপুরে ঢাকা ফেরা মানুষের ভিড়

ঈদের ছুটির শেষে কমলাপুরে ঢাকা ফেরা মানুষের ভিড়

ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকা ফিরতে শুরু করেছেন মানুষ। যদিও সাপ্তাহিক ছুটি আরও একদিন রয়েছে, তবুও অনেক যাত্রী আজই ঢাকায় আগমন করছেন।

শুক্রবার (২৭ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিন দেখা যায়, যাত্রীবোঝাই হয়ে প্রতিটি ট্রেন প্লাটফর্মে ভিড় করছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদের হাতে লাগেজ, পরিবারসহ স্টেশনজুড়ে ছিল মানুষের ঢল।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যাত্রীর চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে ট্রেনগুলো স্টেশনে সময়মতো পৌঁছানোয় ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পারছেন যাত্রীরা।

টিকিট পেতে কষ্ট আর অতিরিক্ত ভিড় হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।

রংপুর থেকে আসা রেজা কিবরিয়া বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরেছি। আবারও কর্মময় জীবন শুরু হবে। যে কয়টা দিন পরিবারের সঙ্গে ছিলাম বেশ আনন্দেই কেটেছে।

বেসরকারি চাকরিজীবী আতিকুর জানান, ঈদে ডিউটি করতে হয়েছে, তারপর ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষ হওয়ায় ফেরত আসতে কোনো বিশেষ ভোগান্তি হয়নি।

Advertisements

পরিবারসহ ঢাকায় ফিরেছেন খলিলুর রহমান। তিনি বলেন, শেষ সময়ে ভিড় বেড়ে যাওয়ায় আজই ঢাকা ফিরতে ভালো হলো। টিকিট অনলাইনে কাটা ছিল, সবমিলিয়ে যাত্রা স্বাভাবিক এবং কোনো সমস্যা হয়নি।

এদিকে, স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রেলওয়ে পুলিশ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে আগামী কয়েকদিন ঢাকামুখী মানুষের এই চাপ অব্যাহত থাকবে।

Advertisements