যারা ঝাল খাবার পছন্দ করেন, তারা মানুষ হিসেবে কেমন?

ঝাল খাবার কেউ ভীষণ ভালোবাসেন, আবার কেউ একেবারেই সহ্য করতে পারেন না। এই পছন্দ-অপছন্দ শুধু স্বাদের বিষয় নয়—এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মস্তিষ্ক, ব্যক্তিত্ব এমনকি আচরণগত বৈশিষ্ট্যও। তাহলে যারা ঝাল খেতে ভালোবাসেন, তাদের মধ্যে কী কী বৈশিষ্ট্য দেখা যায়?
ঝাল আসলে স্বাদ নয়, একধরনের অনুভূতি
আমরা সাধারণত ঝালকে স্বাদ ভাবলেও বাস্তবে এটি স্বাদ নয় বরং একধরনের জ্বালার অনুভূতি। মরিচে থাকা ক্যাপসাইসিন জিহ্বার স্বাদগ্রাহী কোষে নয় বরং তাপ ও ব্যথা শনাক্তকারী রিসেপ্টরে কাজ করে। ফলে মস্তিষ্কে এমন সংকেত যায় যেন মুখে গরম কিছু লেগেছে। অর্থাৎ, ঝাল খাওয়া মানে আসলে একধরনের ‘নিয়ন্ত্রিত জ্বালা’ উপভোগ করা।
রোমাঞ্চপ্রিয় মানুষ ঝাল বেশি পছন্দ করে
গবেষণায় দেখা গেছে, যারা নতুন অভিজ্ঞতা নিতে ভালোবাসেন, ঝুকি নিতে ভয় পান না—তাদের মধ্যে ঝাল খাবারের প্রতি আকর্ষণ বেশি। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ‘সেনসেশন সিকিং’। ঝাল খাওয়া যেন একধরনের নিরাপদ অ্যাডভেঞ্চার—মুখে আগুন লাগার মতো অনুভূতি হলেও বাস্তবে তেমন ক্ষতি হয় না। তাই যারা অ্যাডভেঞ্চারপ্রিয়, তারা খাবারেও সেই রোমাঞ্চ খোঁজেন।
মস্তিষ্কে তৈরি হয় ‘ভালো লাগার’ অনুভূতি
ঝাল খাওয়ার সময় শরীর এটিকে একধরনের ব্যথা হিসেবে নেয়। প্রতিক্রিয়ায় মস্তিষ্ক এন্ডোরফিন নামের রাসায়নিক নিঃসরণ করে, যা আনন্দ ও স্বস্তির অনুভূতি তৈরি করে। ফলে ঝাল খাওয়ার পর অনেকেই একধরনের ‘হালকা উত্তেজনা’ বা ভালো লাগা অনুভব করেন—যা আবার ঝাল খাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়।
অভ্যাস ও জিনগত প্রভাবও গুরুত্বপূর্ণ
ঝাল খাওয়ার পছন্দ অনেকটাই অভ্যাসের ওপর নির্ভর করে। যারা ছোটবেলা থেকেই ঝাল খেতে অভ্যস্ত, তাদের শরীর ধীরে ধীরে ক্যাপসাইসিনের সঙ্গে মানিয়ে নেয়। আবার কারও কারও ক্ষেত্রে জিনগত কারণেও ঝাল সহ্য করার ক্ষমতা বেশি থাকে। ফলে তারা সহজেই ঝাল খাবার উপভোগ করতে পারেন।
যারা ঝাল পছন্দ করেন, তারা সাধারণত নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী, কিছুটা রোমাঞ্চপ্রিয় এবং অনুভূতিকে উপভোগ করতে জানেন। আর যারা ঝাল এড়িয়ে চলেন, তারা অনেক সময় বেশি স্বাচ্ছন্দ্যপ্রিয় ও নিরাপদ পছন্দে অভ্যস্ত হন।
তবে শেষ কথা একটাই—খাবারের পছন্দ দিয়ে মানুষকে পুরোপুরি বিচার করা যায় না। কিন্তু ছোট ছোট এই পছন্দগুলোই আমাদের ব্যক্তিত্বের কিছু দিক নিঃশব্দে তুলে ধরে।



