বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৫ জুলাই, ২০২৬
ফ্যাশন

কানের মঞ্চে জর্জিনার জাদু, ফ্যাশনে বাজিমাত

cvr

ফ্রান্সে চলমান ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের দুটি ভিন্ন সাজে নজর কাড়লেন জর্জিনা রদ্রিগেজ। গ্ল্যামার আর এলিগ্যান্সের মিশেলে তার দুই লুকই ছিল আলোচনার কেন্দ্রে।

একসময় ক্রিস্টিয়ানো রোনালদো-এর সঙ্গী হিসেবে পরিচিত হলেও, এখন জর্জিনা নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত। ফ্যাশন, ব্যবসা ও আই অ্যাম জর্জিনা-এর মাধ্যমে তিনি তৈরি করেছেন আলাদা অবস্থান।

প্রায় এক দশকের সম্পর্কের পর বাগদান সেরে ফেলেছেন এই জুটি। শোনা যাচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পর হতে পারে তাদের বিয়ে, যা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে স্টাইল স্টেটমেন্টে আলাদা করে নজর কাড়লেন জর্জিনা, দুটি ভিন্ন লুকে যেন দুই ভিন্ন আবহ।

Advertisements

১২ থেকে ১৭ মে ‘ক্যারিং উইমেন ইন মোশন’ ডিনারে তিনি হাজির হন গুচির ১৯৯৫ সালের সংগ্রহ থেকে নেওয়া নীল সাটিন শার্ট ও কালো প্যান্টে যেটি ডিজাইন করেছিলেন টম ফোর্ড। এ পোশাকটি ১৯৯৫ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে পরেছিলেন পপতারকা ম্যাডোনা। খোলা শার্টের নিচে কালো লেইসের অন্তর্বাস আর সাদা পরচুলার নাটকীয়তায় অনেকেই প্রথম দেখায় তাকে ভেবেছেন কিম কার্ডাশিয়ান।

এরপর ১৮ মে মূল উৎসবের লালগালিচায় একেবারে ভিন্ন রূপে হাজির হন জর্জিনা। ফ্রান্সের ‘পালেস দে ফেস্টিভ্যাল’-এ তিনি পরেন হালকা বেগুনি কাঁধখোলা লেইস গাউন। পোশাকটিতে ছিল রোমান্টিক, পুরোনো দিনের ছোঁয়া। করসেট-স্টাইল টপ আর স্বচ্ছ লেইস স্কার্টে ফুটে ওঠে তার আভিজাত্য।

তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার গয়না। চোপার্ডের তৈরি হারসহ পুরো লুকে ছিল ৩০০ ক্যারেটের বেশি পান্না ও হীরা-যার মধ্যে ১৩.৮৬ ক্যারেটের বড় পান্না বিশেষভাবে চোখে পড়ে। সাদা সোনার ঘড়ি আর ক্লাসিক হলিউড ঢঙের চুলের সাজে সম্পূর্ণ হয় তার এই এলিগ্যান্ট উপস্থিতি।

Advertisements
কান চলচ্চিত্র উৎসবক্রিস্টিয়ানো রোনালদোজর্জিনা রদ্রিগেজ