সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৬ মার্চ) ভোর থেকে ফুল হাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকেন হাজারো মানুষ। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মানিকগঞ্জে স্কুল শিক্ষক রবিউল আলম জানান, আমি প্রতিবছরই শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এসেছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছিলাম। তাদের কাছে আমরা চিরঋণী। তাই শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি বলে জানান তিনি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদী। একইসঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করেন। শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রদান করে গার্ড অব অনার। তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।


