বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

জ্বালানির মূল্যবৃদ্ধির পরদিনই বেড়ে গেল অভ্যন্তরীণ রুটের বিমানভাড়া

জ্বালানির মূল্যবৃদ্ধির পরদিনই বেড়ে গেল অভ্যন্তরীণ রুটের বিমানভাড়া

দেশে মাত্র এক মাসে দুই দফায় বেড়েছে জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। লিটারপ্রতি মোট ১০৭ টাকা বৃদ্ধি পাওয়ায় দেশের বেসরকারি বিমান সংস্থাগুলোও তাদের অভ্যন্তরীণ রুটের টিকিটের দাম বাড়িয়েছে। দেশের ছয়টি অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।

মঙ্গলবার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। তাদের তথ্যমতে, ৮ মার্চ প্রথম দফায় অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারে বেড়েছিল ১৭ টাকা ২৯ পয়সা। দ্বিতীয় দফায় গত মঙ্গলবার রাতে লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বৃদ্ধি পায়। এভাবে দুই দফায় জেট ফুয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে ২০২.২৯ টাকা প্রতি লিটার।

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, একটি বিমান পরিচালনার মোট ব্যয়ের ৪০–৫০ শতাংশই হয় জ্বালানিতে। তাই জ্বালানির দাম বাড়লে স্বাভাবিকভাবেই টিকিটের মূল্যও বাড়ে। এতে যাত্রীসংখ্যায় সম্ভাব্য কমতি এবং দেশের পর্যটন খাত—হোটেল, রিসোর্ট ও মোটেলগুলোতেও প্রভাব পড়তে পারে।

বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের ২৫টি বিমান দেশে এবং আন্তর্জাতিক ১৫টি গন্তব্যে চলাচল করছে। দেশের অভ্যন্তরীণ রুটে ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর ও রাজশাহীসহ ছয়টি গন্তব্যে পরিষেবা প্রদান করছে। ইউএস বাংলার সর্বনিম্ন অভ্যন্তরীণ টিকিট আগে ছিল ৪,৮০০ টাকা। জ্বালানির দাম বৃদ্ধির কারণে নতুন ভাড়া হয়েছে ৫,৮৫০ টাকা।

সংস্থার মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম জানিয়েছেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিচালন ব্যয় বেড়েছে। তাই খরচ সামলাতে কিছু সমন্বয় করা হয়েছে। তবে মূল ভাড়া বাড়ানো হয়নি; মূল ভাড়ার সঙ্গে ফুয়েল সারচার্জ হিসেবে বাড়তি অর্থ যোগ করা হয়েছে। জ্বালানির দাম কমলে সারচার্জও কমে যাবে।’

দেশের আরেক বেসরকারি সংস্থা এয়ার অ্যাস্ট্রা দেশের অভ্যন্তরীণ চারটি রুটে দৈনিক ২৪টি ফ্লাইট পরিচালনা করছে।
সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘একটি ফ্লাইটে গড়ে ৮০ শতাংশ যাত্রী থাকলে খরচ উঠে আসে। কিন্তু ভাড়া বাড়লে যাত্রী কমে যেতে পারে। এতে ফ্লাইটের গড় উপস্থিতি ৬০ শতাংশ বা তারও কমে নেমে যেতে পারে। সাময়িকভাবে সারচার্জ দিয়ে খরচ সামাল দেওয়া সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে জ্বালানির দাম না কমলে দেশের বিমান সংস্থাগুলো টেকসইভাবে চলা কঠিন হয়ে যাবে।’

Advertisements

অন্যদিকে দেশের একমাত্র সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনো ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত জানায়নি।

তবে দক্ষিণ এশিয়ায় ভারত ও নেপালে এখনো জেট ফুয়েলের দাম সেভাবে বাড়েনি, পাকিস্তানে বেড়েছে।

ভারতের সরকারি তেল ও গ্যাস কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ওয়েবসাইটের তথ্যমতে, তাদের অভ্যন্তরীণ বিমানের জন্য এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) বা জেট ফুয়েলের প্রতি লিটারের দাম প্রায় ৯৬ দশমিক ৬৪ রুপি, যা ফেব্রুয়ারি মাসে ছিল ৯১ দশমিক ৩৯ রুপি।

নেপাল অয়েল করপোরেশনের তথ্যমতে, প্রতি লিটার এভিয়েশন টারবাইন ফুয়েলের (জেট ফুয়েল) দাম ১২৭ নেপালি রুপি। আর বিদেশি বিমান সংস্থার জন্য প্রতি লিটারের দাম দশমিক ৯৭ ডলার। এই দাম ফেব্রুয়ারি মাস থেকে চলছে।

এদিকে পাকিস্তানে অন্যান্য জ্বালানির পাশাপাশি জেট ফুয়েলের দামও বেড়েছে। দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান টুডের খবর বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে পাকিস্তান সরকার জেট ফুয়েলের দাম বাড়িয়ে ১৮৮ দশমিক ৯৩ পাকিস্তানি রুপি থেকে প্রায় ৮২ শতাংশ বাড়িয়ে ৩৪২ দশমিক ৩৭ রুপি করেছে।

Advertisements