৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

মেয়াদোত্তীর্ণ ওমরাহ ও ভিজিট ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

মেয়াদোত্তীর্ণ ওমরাহ ও ভিজিট ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রিয়াদ। যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে কিন্তু বিভিন্ন কারণে দেশে ফিরতে পারেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (২৫ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের তথ্যমতে, ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট (খুরুজ নেহাই) ভিসাধারী যারা সৌদি আরবে অবস্থান করছেন এবং নির্ধারিত সময় পার হয়ে গেছে, তারা এই নির্দেশনার আওতায় পড়বেন। বিশেষ করে ২৫ ফেব্রুয়ারির পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য এই সময়সীমা প্রযোজ্য।

আটকে পড়া প্রবাসীদের জন্য স্বস্তির বিষয় হলো—১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগ করলে কোনো ধরনের জরিমানা (ঘরামা) দিতে হবে না। এমনকি ভিসা নবায়নের জটিলতায় না গিয়েই সরাসরি টিকিট কেটে বিমানবন্দরে উপস্থিত হয়ে দেশে ফেরার সুযোগ পাবেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সৌদি আরবে অবস্থান করা যাবে না এবং এতে করে কঠোর আইনগত জটিলতা ও শাস্তির সম্মুখীন হতে হতে পারে। তাই যেকোনো দিন টিকিট সংগ্রহ করে দ্রুত বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ ও নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে যাত্রী ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সৌদি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisements
Advertisements