৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী

দীর্ঘ প্রায় দেড়যুগ পর আবারও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। আগামী ২৬ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হবে এ বিশেষ প্যারেড, যেখানে অংশ নেবে দেশের সশস্ত্র বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে স্থল ও আকাশপথে প্রদর্শিত হবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। ইতোমধ্যে একাধিক মহড়ার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট বাহিনীগুলো।

এবারের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানেরও।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাহিনীগুলোর প্রস্তুতি ও সক্ষমতা তুলে ধরা হবে। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেবেন। ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে মূল কুচকাওয়াজ।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সাজোয়া যান, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এয়ার ডিফেন্স, সার্ভিসেস ও প্যারা কমান্ডোসহ বিভিন্ন কন্টিনজেন্টের অংশগ্রহণ। পাশাপাশি নৌবাহিনী ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি ইউনিটও নিজেদের সক্ষমতা প্রদর্শন করবে।

Advertisements

আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা বহন করে অবতরণ করবেন। একই সঙ্গে বিমান বাহিনীর কৌশলগত ফ্লাইপাস্ট ও নানা প্রদর্শনী থাকবে। সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্যারেডের সমাপ্তি ঘটাবে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর কুচকাওয়াজের এই প্রত্যাবর্তন স্বাধীনতা দিবসের আয়োজনকে আরও বর্ণিল, তাৎপর্যপূর্ণ এবং গৌরবময় করে তুলবে।

Advertisements