ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে যেসব যানবাহন চলবে না

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
সোমবার (১৬ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের সব মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া এই সময়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে সড়কের পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।
এর আগে ১২ মার্চ ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। ঈদযাত্রায় অতিরিক্ত যানজট কমানো এবং যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


