অস্ট্রেলিয়ায় রিফিউজি আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার

গত মাসে নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল ইরানের ২৬ সদস্যের ফুটবল দল। টুর্নামেন্ট চলাকালেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পর অস্ট্রেলিয়া তাদের আশ্রয়ের (অ্যাসাইলাম) প্রস্তাব দেয়। সেই আহ্বানে সাড়া দিয়ে শুরুতে দলটির ছয়জন খেলোয়াড় ও একজন সাপোর্ট স্টাফ মানবিক ভিসা নিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাকিরা গত ৯ মার্চ সিডনি থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলে যান। কিন্তু আশ্রিত সাতজনের মধ্য থেকে একজন অল্প সময়ের ব্যবধানেই মত পাল্টে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও তিনজন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে জানান, ‘রাতারাতি ওই তিন সদস্য দলের বাকিদের সঙ্গে ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তাদের কাছে এই সিদ্ধান্ত জানানোর পর তাদের বিকল্পগুলো নিয়ে ভাবার জন্য বারবার সুযোগ দেওয়া হয়েছিল।’
উল্লেখ্য, টুর্নামেন্টের একটি ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর পর খেলোয়াড়দের নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। ইরানে ফিরলে নির্যাতনের শিকার হতে পারেন—এমন আশঙ্কায় খেলোয়াড়দের একটি অংশ অস্ট্রেলিয়ার কাছে আশ্রয় চেয়েছিল।



