সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পা’চারের চেষ্টা, বিজিবির তৎপরতায় রক্ষা পেলেন মা-মেয়ে

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এক মা ও তাঁর মেয়েকে। তবে শেষ মুহূর্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতায় মানবপাচারকারীদের হাত থেকে রক্ষা পেয়েছেন তাঁরা। এ ঘটনায় স্থানীয়ভাবে সক্রিয় একটি দালাল চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
রোববার (২২ নভেম্বর) জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (২১ নভেম্বর) উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকা থেকে ওই দুই নারীকে উদ্ধার করে বিজিবি। পরে তাঁদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া দুই নারী হলেন খুলনার তেরখাদা উপজেলার নয়াবারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫) এবং তাঁর মা মেহেরুন বিবি (৭০)।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র মা-মেয়ের কাছ থেকে টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেয়। এরপর তাঁদের সীমান্ত এলাকায় রেখে চক্রের সদস্যরা কৌশলে সেখান থেকে সরে পড়ে। একপর্যায়ে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের নজরে এলে তাঁদের উদ্ধার করা হয়।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খুলনাভিত্তিক একটি দালাল চক্র সিলেটের স্থানীয় দালালদের সহযোগিতায় দুই নারীকে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল। এ ঘটনায় মানবপাচার চক্রের দুটি পৃথক গ্রুপের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যার একটি খুলনায় এবং অন্যটি সিলেটে সক্রিয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বাদী হয়ে মামলা করা হয়েছে। ইতোমধ্যে চক্রের কয়েকজন সদস্যকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তপথে মানবপাচারের এমন চেষ্টায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিজিবির দ্রুত পদক্ষেপে মা-মেয়েকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তাঁরা।



