২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না রাশমিকা, বদলে যাবে রাশমিকার রূপ!

91-20250406063410

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সমালোচনা কিংবা ট্রলিংয়ের মুখোমুখি হওয়া তারকাদের জন্য নতুন কিছু নয়। এসব নিয়ে খুব একটা বিচলিত না হলেও পরিবারের সদস্যদের লক্ষ্য করে কটূক্তি করা হলে আর নীরব থাকবেন না দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রয়োজনে ‘যোদ্ধার রূপে’ প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি স্বামী ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে করণ জোহরের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের দ্বিতীয় পর্বে হাজির হন রাশমিকা। তাঁদের এই উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে বিজয়কে এক বছর ধরে প্রতিদিন বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়ে রাশমিকার মন্তব্য নিয়ে অনলাইনে ট্রলিংয়ের শিকার হন অভিনেত্রী।

এ ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, সম্পাদিত স্ক্রিনশট, পরিচয় নকল এবং পরিকল্পিত অনলাইন হয়রানির অভিযোগে পুলিশের দ্বারস্থ হন এই তারকা দম্পতি। আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেন তাঁরা।

সম্প্রতি ‘প্রেমা-দ্য জার্নালিস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে অনলাইন হয়রানি ও ট্রলিং নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাশমিকা। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নেতিবাচক মন্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু সময়ের সঙ্গে উপলব্ধি করেছেন, প্রতিটি সমালোচনার প্রতিক্রিয়া জানাতে গেলে নিজের মূল্যবান সময়ই নষ্ট হয়। তাই এখন অপ্রয়োজনীয় মন্তব্য এড়িয়ে চলেন। অভিনেত্রীর মতে, তাঁর ব্যক্তিত্ব, অভিনয়, সিনেমা কিংবা পেশাগত কাজ নিয়ে যে কেউ সমালোচনা করতে পারেন। একজন শিল্পী হিসেবে তিনি বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখেন। কিন্তু সেই সমালোচনার সীমা পেরিয়ে পরিবারের সদস্যদের আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাশমিকা বলেন, তাঁর পরিবারকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করলে তিনি আর চুপ থাকবেন না। তখন নিজেকে পুরোপুরি যোদ্ধার ভূমিকায় দেখতে পাবেন। এ প্রসঙ্গে নিজের আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘মাইসা’র প্রসঙ্গ টেনে তিনি জানান, পরিবারের সম্মান রক্ষায় প্রয়োজনে সিনেমাটির চরিত্রের মতোই দৃঢ় অবস্থান নেবেন।

অভিনেত্রীর ভাষায়, তাঁর পরিবার কখনোই বিনোদনজগতে আসার সিদ্ধান্ত নেয়নি। তাঁরা সাধারণ মানুষ, জনপরিচিত কেউ নন। তাই তাঁর পরিচিতিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবন বা সম্মান নিয়ে আক্রমণ করার অধিকার কারও নেই। রাশমিকা আরও বলেন, তিনি ও তাঁর স্বামী তারকা হওয়ায় নানা ধরনের সমালোচনা মোকাবিলা করতে অভ্যস্ত। কিন্তু পরিবারের সদস্য ও বন্ধুদের অকারণে হয়রানির শিকার হওয়া মেনে নেওয়া যায় না। তাঁদের ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

Advertisements

এদিকে রাশমিকার পরবর্তী সিনেমা ‘মাইসা’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অ্যাকশনধর্মী এই ছবিটি পরিচালনা করেছেন রবীন্দ্র পুল্লে। প্রযোজনার দায়িত্বে রয়েছে আনফর্মুলা ফিল্মস। বাস্তব জীবনে পরিবারের প্রতি ভালোবাসা ও সুরক্ষার প্রশ্নে রাশমিকার এমন দৃঢ় অবস্থান নতুন করে আলোচনায় এনেছে তাঁকে।

Advertisements