পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি

চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে। রেশনিং ব্যবস্থার আওতায় ডিপো থেকে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তদিন পাম্পগুলোতে গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কম তেল সরবরাহ করা হলেও বুধবার থেকে তা কমিয়ে ১৫ শতাংশে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জনগণের দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য সরকারি নির্দেশে গত রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করে পেট্রোল পাম্পগুলো। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যানবাহনের জন্য জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে ভিড় করতে থাকে লোকজন। এতে পাম্পগুলোতে তৈরি হয় যানবাহনের দীর্ঘলাইন। তবে, সরকারের পক্ষ থেকে বারবারই দেশে তেলের সঙ্কট নেই বলে জনগণকে আশ্বস্ত করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে। হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।



