বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিবিধ

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছাল অ্যাকাউন্টে

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছাল অ্যাকাউন্টে

সরকারের নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ফ্যামিলি কার্ড উদ্বোধনের দিনেই উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক সুবিধাভোগীর মোবাইল ওয়ালেটে ২ হাজার ৫০০ টাকা জমা হওয়ার বার্তা পৌঁছে যায়।

রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান চলাকালীন সময়েই কড়াইল বস্তির নিম্নআয়ের বাসিন্দাদের অনেকের মুঠোফোনে সরকারি বার্তা আসে যে তাদের অ্যাকাউন্টে ভাতার অর্থ জমা হয়েছে।

হঠাৎ করেই মোবাইলে টাকা পাওয়ার বার্তা আসায় অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। অনেকের মুখে হাসি ফুটে ওঠে, আবার কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর সামনে থাকায় এই অর্থ সহায়তা তাদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখছেন উপকারভোগীরা।

উপকারভোগীদের অনেকে জানান, এই টাকা দিয়ে তারা জরুরি ওষুধ কিনবেন বা নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাবেন। কেউ কেউ সামান্য সঞ্চয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এবার ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে এই ভাতার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়ায় কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হচ্ছে না—যা সুবিধাভোগীদের কাছে ইতিবাচক হিসেবে দেখা দিচ্ছে।

বর্তমানে পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাঠপর্যায়ে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রকৃত দুস্থ পরিবারের তথ্য যাচাই করে তালিকা চূড়ান্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দরিদ্রদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরাসরি টাকা দেওয়ায় হয়রানি বা অনিয়মের সুযোগ কমবে বলেও আশা করা হচ্ছে।

সরকার বলছে, পরীক্ষামূলক পর্যায়ের অভিজ্ঞতা সফল হলে পর্যায়ক্রমে দেশের আরও বেশি পরিবারকে এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে। কড়াইল বস্তিসহ সংশ্লিষ্ট এলাকার অনেক বাসিন্দা ইতিমধ্যেই এই সহায়তাকে তাদের জীবনে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন।

টাকানারীফ্যামিলি কার্ড