বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
বিবিধ

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষকে আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সরকারি তথ্য অনুযায়ী, উপকারভোগীরা ডিজিটাল পদ্ধতিতে এই অর্থ পাবেন। তারা চাইলে সরাসরি মোবাইল ওয়ালেট কিংবা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই ভাতার টাকা গ্রহণ করতে পারবেন। সরকার বলছে, এতে করে ভাতা বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং মাঝপথে অর্থ আত্মসাতের সুযোগ কমবে।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

প্রথমে মাঠপর্যায়ে ৫১ হাজার ৮০৫টি দরিদ্র পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক বলে নিশ্চিত হয়। তবে ডাবল ডিপিং বা একই ব্যক্তির একাধিক সরকারি ভাতা গ্রহণের ঝুঁকি এড়ানো এবং সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীদের বাদ দেওয়ার পর চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রকল্পের আওতায় কেবল ‘নারী প্রধান’ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে সমাজের প্রান্তিক নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়। সরকারের এই উদ্যোগটি নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় নিম্ন আয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান যে, সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের ফলে মাঝপথে অর্থ লোপাটের কোনো সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই এই সুবিধা পাবেন।

কড়াইল বস্তির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। সরকার আশা করছে যে, পরীক্ষামূলক পর্যায়ের সফল সমাপ্তির পর পর্যায়ক্রমে সারা দেশের সকল যোগ্য পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে।

নারীপ্রধানমন্ত্রী তারেক রহমানফ্যামিলি কার্ড