বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

কঠিন সমীকরণে আজ বাংলাদেশ-উজবেকিস্তান

কঠিন সমীকরণে আজ বাংলাদেশ-উজবেকিস্তান

অস্ট্রেলিয়া অনুষ্ঠানরত এশিয়ান কাপ নারী ফুটবলে বাংলাদেশের প্রত্যাশার ম্যাচ আজ। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ-উজবেকিস্তান কঠিন সমীকরণে আজ মাঠে নামবে। বাংলাদেশ এই একটা ম্যাচের অপেক্ষা করছে। কারণ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ চীন এবং উত্তর কোরিয়াকে নিয়ে প্রত্যাশা ছিল না। শেষ ম্যাচে উজবেকিস্তানকে ঘিরে একটা স্বপ্ন উকি দিচ্ছিল যে, এই একটা ম্যাচ জেতার সুযোগ নিতে পারে বাংলাদেশ। উজবেকিস্তান অন্য দুই প্রতিপক্ষের চেয়ে কম শক্তির দেশ।

এই এশিয়ান কাপে মোট ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ—এই ছয়টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। এছাড়া তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুই দলও শেষ আটে খেলার সুযোগ পাবে। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো অনেক দলের জন্যই ভাগ্য নির্ধারণী হয়ে উঠেছে। বাংলাদেশও সেই সমীকরণের মধ্যেই রয়েছে।

শুধু কোয়ার্টার ফাইনালে ওঠাই নয়, এই টুর্নামেন্ট সামনে আরও বড় স্বপ্নের দরজা খুলে দিয়েছে। এই আসরের শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে। সপ্তম ও অষ্টম দলকে যেতে হবে বাছাই পর্বে। পাশাপাশি আটটি দল সরাসরি অংশ নেবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৮ লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক গেমসে। ফলে এশিয়ান কাপের প্রতিটি ম্যাচই এখন বড় সুযোগের লড়াই।

তবে বাংলাদেশের সামনে সমীকরণ সহজ নয়। আজ উজবেকিস্তানকে হারানোই প্রথম শর্ত। কিন্তু জিতলেই সব নিশ্চিত হয়ে যাবে—এমন নয়। অন্য গ্রুপের ফলাফলও এখানে বড় ভূমিকা রাখবে। আরও বড় সমস্যা গোল ব্যবধান। বর্তমানে বাংলাদেশের গোল গড় মাইনাস সাত। তাই শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় পাওয়া হলে তবেই সম্ভাবনা বাড়বে। অন্যদিকে উজবেকিস্তানও একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে, কারণ তারাও শেষ আটে ওঠার স্বপ্ন দেখছে।

বাংলাদেশ–উজবেকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্থের র‍্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে। আগে এই মাঠটির নাম ছিল নিখ স্টেডিয়াম। এই মাঠে অতীতে বাংলাদেশ পুরুষদের বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপক্ষে এবং ৫–০ গোলে হেরেছিল। প্রায় এক দশকের বেশি সময় পর আবার সেই মাঠেই নামতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলাররা।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আফঈদা খন্দকার, শিউলী, আজিম, মিলি আক্তার, মনিকা, মারিয়া ও সামসুন নাহারের মতো ফুটবলাররা। তবে ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলনের সুযোগ পায়নি দুই দলই। এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্দেশনায় মাঠকে বিশ্রাম দিতে স্টেডিয়ামের বাইরের অনুশীলন মাঠ ব্যবহার করতে হয়েছে।

Advertisements

বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার অবশ্য বড় স্বপ্নের হিসাব আপাতত পাশে সরিয়ে রেখেছেন। তার দৃষ্টি এখন পুরোপুরি আজকের ম্যাচে। তিনি বলছেন, প্রথম লক্ষ্য উজবেকিস্তানকে হারানো। সেই জয় পেলেই পরবর্তী হিসাব নিয়ে ভাবা যাবে।

উজবেকিস্তানও এই টুর্নামেন্টে নতুনভাবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করছে। দীর্ঘ বিরতির পর তারা আবার এশিয়ান কাপে ফিরেছে। কারণ আগামী আসরের নারী এশিয়ান কাপ আয়োজিত হবে উজবেকিস্তানে। সে লক্ষ্যেই দেশটির নারী ফুটবলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন কোচের অধীনে দলটি আবার আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে শুরুতে তীব্র গরমে কিছুটা ভুগেছিল বাংলাদেশ দল। তবে পার্থের আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয়। এখানকার সময়ও বাংলাদেশের তুলনায় মাত্র দুই ঘণ্টা এগিয়ে, যা খেলোয়াড়দের জন্য কিছুটা সুবিধা তৈরি করেছে। সন্ধ্যার দিকে ম্যাচ হওয়ায় গরমের চাপও তুলনামূলক কম থাকবে।

সব মিলিয়ে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য শুধু একটি গ্রুপ ম্যাচ নয়; বরং সম্ভাবনার এক বড় পরীক্ষা। জয় পেলে শেষ আটে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখা যাবে। আর হেরে গেলে শেষ হয়ে যেতে পারে এই আসরের পথচলা। তাই কঠিন সমীকরণের মধ্যেও আশা নিয়ে মাঠে নামছে বাংলাদেশের নারী ফুটবল দল।

Advertisements