রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন। গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। আজ (সোমবার, ২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী রাজধানীর বর্তমান সড়ক পরিবহন ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত ‘ নারী বাস সার্ভিস’ চালুর জন্য মন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দেন।
নারী বাস সার্ভিস চালুর পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকেও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের চলমান কাজ আসন্ন রোজার ঈদের আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।



