স্বর্ণের দাম আবার বেড়েছে, ভরিতে ৪,৩৭৪ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৫ টাকা। এর আগে এই দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৪১ টাকা।
এর আগে গত সপ্তাহে দুই দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল মোট ৫ হাজার ৪৮২ টাকা। নতুন করে এক দফায় ৪ হাজার টাকার বেশি বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তবে মূল প্রভাব এসেছে আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণে।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৭ হাজার ১২৬ টাকা। সনাতনি পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা। এ দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
জানুয়ারির শেষ দিক থেকে দেশের বাজারে সোনার দামে অস্থিরতা চলছে। গত ২৯ জানুয়ারি এক দিনে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করেই সাধারণত দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে সোনার দাম আবার বেড়েছে। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার সোনার স্পট মূল্য আউন্সপ্রতি ১০০ ডলারের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৮ ডলার ১০ সেন্টে।
যদিও গত ৩০ দিনে সোনার দাম কমেছে প্রায় ১৫০ ডলার, তবে গত ছয় মাসে বেড়েছে ১ হাজার ৭৬২ ডলার। আন্তর্জাতিক বাজারের এই ওঠানামার প্রভাবই দেশের বাজারে দামের অস্থিরতার প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



