১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

ক্যানসার আক্রান্তরা যেন অবহেলার শি’কার না হন: ডা. জুবাইদা রহমান

fe2d10a91db1b807e54780145703d2bc-6afec4a0667b1

ক্যানসার আক্রান্ত ব্যক্তিরা যেন কোনোভাবেই অবহেলা ও চিকিৎসাবঞ্চনার শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, কোনো রোগীই যেন প্রয়োজনীয় চিকিৎসার বাইরে না থাকেন। বিশেষ করে ক্যানসার রোগীদের যথাযথ চিকিৎসা ও যত্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ১১তম আন্তর্জাতিক ক্যানসার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ-বিদেশের ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে ক্যানসার চিকিৎসায় প্রতিশ্রুতিকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, সেগুলো প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য দেশের শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নারীদের ক্যানসার পরীক্ষার সুযোগ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা শুধু বড় হাসপাতাল বা বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালের মাধ্যমেও মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে। এতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা এবং চিকিৎসার আওতায় আনা সহজ হবে।

দেশের অনেক নারী এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় এই ব্যবধান বৈষম্যেরই প্রতিফলন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব। নারী ও পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য সমান চিকিৎসাসুবিধা নিশ্চিত করা জরুরি।

সম্মেলনে চিকিৎসকদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তাঁর মতে, ক্যানসারের মতো জটিল রোগ মোকাবিলায় শুধু চিকিৎসার উন্নতি নয়, সচেতনতা, প্রতিরোধ এবং সবার জন্য চিকিৎসার সুযোগ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।

Advertisements

ক্যানসার চিকিৎসায় বৈষম্য কমিয়ে প্রতিটি রোগীর কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশার মধ্য দিয়ে সম্মেলনে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বার্তা—অর্থনৈতিক অবস্থা কিংবা বসবাসের স্থান যেন কারও চিকিৎসা পাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়।

Advertisements