একসঙ্গে নাচল ১১০ হিউম্যানয়েড রোবট, গড়ল বিশ্বরেকর্ড

প্রযুক্তির অগ্রগতিতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে পৃথিবী। একসময় মানুষের মতো দেখতে রোবট ছিল কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়। এখন সেই রোবটই মানুষের মতো হাঁটছে, কথা বলছে, কাজ করছে, এমনকি নাচেও অংশ নিচ্ছে। সম্প্রতি চীনে ১১০টি হিউম্যানয়েড রোবট একসঙ্গে নাচ পরিবেশন করে গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। প্রযুক্তির এই ব্যতিক্রমী প্রদর্শনী বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি কেড়েছে।
চীনের জিনান শহরে আয়োজিত এই পরিবেশনায় অংশ নেয় দেশটির প্রযুক্তিপ্রতিষ্ঠান এজিআইবটের তৈরি ১১০টি হিউম্যানয়েড রোবট। রোবটগুলো একই ছন্দে, একই সময়ে এবং নির্দিষ্ট কোরিওগ্রাফি অনুসরণ করে নাচ পরিবেশন করে। প্রায় পাঁচ মিনিট ৪৩ সেকেন্ডের এই পরিবেশনায় তাদের সমন্বিত শারীরিক নড়াচড়া দর্শকদের মুগ্ধ করে। শুধু হাত-পা নাড়ানো কিংবা শরীর দোলানোই নয়, রোবটগুলো একসঙ্গে ঘুরেছে, অবস্থান পরিবর্তন করেছে এবং বিভিন্ন আকৃতিও তৈরি করেছে।
এই পরিবেশনার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল রোবটগুলোর পারস্পরিক সমন্বয়। এতগুলো যন্ত্রকে একই সময়ে একই নির্দেশনা অনুযায়ী পরিচালনা করা মোটেও সহজ কাজ নয়। একটি রোবটের সামান্য ভুল নড়াচড়াও পুরো পরিবেশনার ছন্দে ব্যাঘাত ঘটাতে পারত। কিন্তু উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা ও প্রযুক্তির সহায়তায় তারা প্রায় নিখুঁতভাবে নিজেদের কাজ সম্পন্ন করে। এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে প্রতিষ্ঠানটির বিশেষ রোবট নিয়ন্ত্রণপ্রযুক্তি, যার মাধ্যমে একাধিক রোবটের চলাচল ও সময়ের সমন্বয় করা সম্ভব হয়েছে।
এই ঘটনা শুধু বিনোদনের একটি আয়োজন নয়, বরং রোবট প্রযুক্তির সক্ষমতারও বড় পরীক্ষা। মানুষের মতো চলাফেরা করতে হলে রোবটকে শরীরের ভারসাম্য বজায় রাখা, চারপাশের পরিস্থিতি বুঝতে পারা এবং নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হয়। একসঙ্গে এতগুলো রোবটের নাচ সেই প্রযুক্তিগত সক্ষমতারই একটি উদাহরণ।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। শিল্পকারখানা, হাসপাতাল, বিমানবন্দর, বিপণিবিতান কিংবা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে একাধিক রোবট একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হতে পারে। এতে মানুষের শ্রম সহজ হওয়ার পাশাপাশি কাজের গতি ও দক্ষতাও বাড়তে পারে।
তবে রোবটের এই অগ্রগতি মানুষের কর্মসংস্থান ও প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়েও নতুন আলোচনা তৈরি করছে। তবু একটি বিষয় স্পষ্ট, রোবট এখন আর শুধু মানুষের নির্দেশ পালনকারী যন্ত্র নয়; বরং মানুষের মতো কাজ করার সক্ষমতা অর্জনের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।
১১০টি রোবটের এই নাচ তাই কেবল একটি বিশ্বরেকর্ড নয়, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পৃথিবীরও এক ঝলক।



