জ্বরে গোসল করবেন, নাকি এড়িয়ে চলবেন?

ঘরে ঘরে এখন জ্বর। বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার খেলে জ্বর ধীরে ধীরে সেরে যায়। কিন্তু জ্বরের সময় কিছু সাধারণ ভুল সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আবার ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। ফলে শরীরে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দিতে পারে। তাই জ্বরের সময় নিয়মিত অল্প অল্প করে পানি খাওয়া জরুরি। এর পাশাপাশি খাবার স্যালাইন, ডাবের পানি, হালকা স্যুপ কিংবা তাজা ফলের রস খেলে উপকার পাবেন। এতে মাথা ঘোরা, মাথাব্যথা ও দুর্বলতার মতো সমস্যা এড়ানো যায়।
সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় শরীরের বেশিরভাগ শক্তি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে ব্যয় হয়। ফলে হজমের প্রক্রিয়াও কিছুটা ধীর হয়ে যেতে পারে। এ কারণে জ্বরের সময় ভাজাভুজি, অতিরিক্ত মসলাদার বা ভারী খাবার এড়িয়ে চলুন। তার পরিবর্তে ভাত, খিচুড়ি, ডাল, পায়েস বা জাউয়ের মতো হালকা ও সহজপাচ্য খাবার খেতে পারেন।
অনেকের ধারনা, জ্বর কমানোর জন্য বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী। এটা ঠিক নয়। বরং অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে কাঁপুনি তৈরি করতে পারে। এর ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই জ্বরের সময় ঠান্ডা পানির পরিবর্তে হালকা গরম বা কুসুম গরম পানিতে গোসল করা ভালো। প্রয়োজনে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছেও নেয়া যেতে পারে।
জ্বর সারাতে শুধু ওষুধ খাওয়াই যথেষ্ট নয়। শরীরকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার



