বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৫০,নারী ও শিশু অপহরণ

afp_69899ddbf3a1-1770626524

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে এক ভয়াবহ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। সশস্ত্র বন্দুকধারীরা গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে অসংখ্য নারী ও শিশুকে অপহরণ করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা নিশ্চিত করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।

গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে জামফারা রাজ্যের বুক্কুয়ুম এলাকার তুঙ্গান দুতসে গ্রামে এই হামলা শুরু হয় যা শুক্রবার সকাল পর্যন্ত চলে। মোটরসাইকেলে চড়ে আসা সশস্ত্র হামলাকারীরা গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের অপহরণ করতে শুরু করে।

বুক্কুয়ুম সাউথের প্রতিনিধি এবং আইনপ্রণেতা হামিসু এ. ফারু বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলাকারীরা এক গ্রাম থেকে অন্য গ্রামে তাণ্ডব চালিয়েছে এবং এতে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজদের তালিকা তৈরির কাজ চলায় অপহৃতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

হামলার আগেই বিপদের আভাস পেয়েছিলেন বলে দাবি জানান গ্রামবাসীরা। ৪১ বছর বয়সী বাসিন্দা আব্দুল্লাহি সানি জানান, ঘটনার আগের দিনই ১৫০টিরও বেশি মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিদের চলাচলের বিষয়টি তারা নিরাপত্তা বাহিনীকে জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হামলায় পরিবারের তিন সদস্যকে হারানো সানি আক্ষেপ করে বলেন, ‘গত রাতে কেউ ঘুমাতে পারেনি, আমরা সবাই শোকাচ্ছন্ন।’

সাম্প্রতিক এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে নাইজেরিয়া। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর হামলা বন্ধে ব্যর্থতার অভিযোগ তোলার পর এই তৎপরতা বাড়ে।

নাইজেরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে, স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে ১০০ জন মার্কিন সেনা সেখানে পৌঁছেছেন।

নাইজেরিয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্সের মুখপাত্র সামাইলা উবা জানিয়েছেন, ‘মার্কিন সেনারা সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবেন।’

প্রসঙ্গত আফ্রিকার এ দেশটির উত্তরাঞ্চলজুড়ে সম্প্রতি ‘ডাকাতদের’ হামলার পরিমাণও বাড়তে দেখা যাচ্ছে। এ ‘ডাকাতরা’ একের পর এক প্রাণঘাতী হামলা চালাচ্ছে, মুক্তিপণের জন্য অনেককে অপহরণ করছে, বিভিন্ন সম্প্রদায়কে এলাকা ছাড়তে বাধ্য করছে।

Advertisements