যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ভোটের ছুটিতে শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।সঙ্গে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে সেতু কর্তৃপক্ষ প্রায় ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে এবং এর বিপরীত ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৩ হাজার ৯৮৯ টি যানবাহন পারাপার হয়েছে। এতে আয় হয়েছে প্রায় ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৩৪ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।
যানবাহনের এই অতিরিক্ত চাপ সামাল দিতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে , যমুনা সেতু ও এর সংযোগ সড়কগুলোতে যান চলাচল নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া পুরো এলাকাটি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা তৈরি না হয়। নির্বাচনের দিন যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় অধিকাংশ মানুষ আজ বিকেলের মধ্যেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। যমুনা সেতু পূর্ব ও পশ্চিম প্রান্তের টোল প্লাজাগুলোতে দ্রুত সেবা প্রদানের জন্য অতিরিক্ত বুথ সক্রিয় রাখা হয়েছে।



