বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
বিবিধ

ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ জমা পড়ল ৪০ হাজারের বেশি চিরকুট

631608417_122187668384466590_7897198780054524637_n

ভোটের দিন শুধু ব্যালট নয়—মানুষ চাইছে কথা বলার সুযোগ। বিচার, বাজার নিয়ন্ত্রণ, নিরাপত্তা, শিক্ষা, দুর্নীতি ও সমতার দাবিতে ভরে উঠেছে ভোটের গাড়ির ‘জনমত বাক্স’। এখন পর্যন্ত সেখানে জমা পড়েছে ৪০ হাজার ২০৬টি চিরকুট, যেখানে উঠে এসেছে সাধারণ মানুষের আশা, ক্ষোভ, ভয় আর ভবিষ্যতের স্বপ্ন।

‘দেশের চাবি, আপনার হাতে’—গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য প্রকাশ করা হয়।

ভিন্ন বিভাগ ভিন্ন চিত্র:

পরিসংখ্যান অনুযায়ী, মতামতের দিক থেকে এগিয়ে ঢাকা বিভাগ। এখান থেকে এসেছে ১০ হাজার ২১৬টি মন্তব্য। রাজধানীকেন্দ্রিক সেবা-হয়রানি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নাগরিক চাপের কথাই বেশি উঠে এসেছে এসব চিরকুটে।
চট্টগ্রামের ৬ হাজার ৬টি মন্তব্যে শ্রমজীবী মানুষের সময়ের হিসাব ও ভোটের দিনে ছুটির আকুতি রয়েছে। রাজশাহীর ৫ হাজার ৭৩৮টি মন্তব্যে উঠে এসেছে শিক্ষা ও বঞ্চনার কথা। খুলনার ৪ হাজার ৬৭৮টি মন্তব্যে জীবনযাত্রার ব্যয় ও বাজারের লাগামহীনতার কথা বলা হয়েছে। রংপুরের ৩ হাজার ৬০৫টি লেখায় আছে দারিদ্র্য ও সম্ভাবনার কথা। এছাড়া বরিশাল, ময়মনসিংহ ও সিলেট থেকেও হাজার হাজার মন্তব্য এসেছে।

Advertisements

ভোটের গাড়িটি দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদর ছাড়িয়ে প্রায় ২ হাজার ১৬৯টি স্থানে গিয়ে মানুষের মতামত নিয়েছে। হাওর, চর, পাহাড় ও দুর্গম জনপদের মানুষ নিজের হাতে ও নিজের ভাষায় রাষ্ট্রের কাছে কথা বলার সুযোগ পেয়েছেন।

চিরকুটে চিরন্তন চাওয়া

গাজীপুরের ১০ বছর বয়সী রাফা লিখেছে, ‘আমার পরামর্শ হলো আমি এ দেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই। এরকম একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নীতি-নির্ধারক তৈরি করার নির্বাচন অনুষ্ঠিত করুন।’

কুমিল্লার দেওয়ান সালাহউদ্দিন ভোটাধিকার নিয়ে লিখেছেন, ‘মানুষ চায় সুষ্ঠু ভোট দিতে কেন্দ্রে যেতে পারে। কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।’

চট্টগ্রামের গোলাম রাব্বানি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি লিখেছেন, ‘আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমাকে ভোট দেওয়ার জন্য কোম্পানির মালিককে সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।’

ঠাকুরগাঁও থেকে একজন দিনমজুর লিখেছেন, ‘গরিব মানুষ দিন মজুর করে খাই। গরুর মাংস আমরা কিনে খেতে পারি না। বাজার নিয়ন্ত্রণ চায়, সিন্ডিকেট চলতেছে বাজারে।’

শিক্ষার ভিত্তি নিয়ে বরিশালের সাদিক লিখেছেন, ‘যে দেশে শিক্ষকদের মান উন্নয়ন নিয়ে কেউ ভাবে না, সে দেশে সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না।’

পিরোজপুরের বিপুল কুমার সংখ্যালঘু নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দাবি জানিয়ে লিখেছেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাঁচতে চাই। সংখ্যালঘু নিরাপত্তা চাই।’

দিনাজপুরের লিজা, বিপাশা, সুমি, লিনা ও বৃষ্টি জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রেখে সংস্কারের আহ্বান জানিয়ে লিখেছেন, ‘নারী ও শিশুদের অধিকার, ধর্ষণের ১০ দিনের মধ্যে রায় কার্যকর হোক।’

জনগণের এমন অকৃত্রিম ভালোবাসা, প্রত্যাশা, এমনকি সমালোচনাও রাষ্ট্রের জন্য অমূল্য সম্পদ বলে মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Advertisements
চিরকুটজনমত বাক্সেসুযোগ