পাঠক কর্নার
অদৃশ্য ইশারা

খেয়ালী মনে সাজাও তুমি কলাপাতা রঙ শাড়িতে
দু’চোখে কাজল আঁকো কুচকালো মেঘের কালিতে,
নিষ্প্রাণ দুটো অধরে ফোটাও গোলাপ রাঙা হাসিতে
তুমি ইচ্ছে মতো ভাঙ্গো গড়ো আপন খেয়াল খুশিতে।
মন মোহনিয়া ভাসিয়ে নিয়ে যাও ইচ্ছে নদীর বাঁকে
বালুচরে ঘর বাঁধো,মনের সাধে ইচ্ছে যখন থাকে,
বেলা শেষে গুঁড়িয়ে দাও,অনেক যত্নে গড়েছিলে যাকে।
তুমি খেলার ছলে পুলকিত মনে খেলো নিয়ে তাকে!
তুমি হাসাও তুমি কাঁদাও নিদারুণ অদৃশ্য ইশারায়
অবহেলায় অশ্রু ঝরাও কখনো বা অঝোর ধারায়,
মান অভিমানের অস্তাচলে ভালোবাসা যেন না হারায়
এত কিছুর পরেও যে মন নিরবধি তোমাকেই চায়।



