প্রত্যাখ্যান!

বড়ো অবেলায় ফিরে এলে তুমি
কতো বসন্ত পার হয়ে গেছে তোমারই প্রতিক্ষায়!
তোমার পথের পানে চেয়ে চেয়ে ক্রমশ চোখ ঝাপসা হয়ে আসে,সময় যেন বুকের ওপর পাহাড় চেপে বসে।
এভাবে দিন যায়,মাস যায়,বছর যায় কিন্তু তুমি ফিরে আসোনি,আস্থা বিশ্বাস আর নির্ভরতা ভেসে গেলো অশ্রুজলে।ক্ষ্যাপাটে অস্থিরতা বিদ্রোহী হয়ে আলোড়ন তোলে হৃদয়ের কপাটে।
আর কতো; কতো এভাবে না ফেরা কারো প্রতিক্ষায়!!
ক্রমশ অভিমান বাড়তে থাকে,এভাবে সোনালী জোছনা ম্লান হতে হতে গিয়ে থমকে দাঁড়ায় অমাবস্যার দ্বারপ্রান্তে।তখনও ফিরে আসোনি তুমি!
তারপর মুছে ফেলে অশ্রুজল নিজের সাথে চলে বোঝাপড়া।ফিরে গেলাম তুমিহীন অনিশ্চিত গন্তব্যের পথে।
বড়ো অবেলায় ফিরে এলে তুমি!
তখন কোথায় ছিলে তুমি!কার আকাশে,কোন ধ্রুবতারার মোহে?আমার আস্ত একটা জীবনের কি হিসেব নিকেশ করেছিলে তুমি?তোমার নির্ভরতা আর যত্ন ঠাঁই পেয়েছিলো তখন কার আকাশে?
আজ আমার আকাশে কোথাও নেই তুমি। তোমাকে পাওয়ার আজন্ম সাধ মিটে গেছে ধীরে ধীরে।এখন তুমি অচেনা কেউ,অন্য কেউ,অন্যকারো কেউ!
বড়ো অবেলায় ফিরে এলে তুমি,
আজ চাইলেও তোমার হতে পারি না আমি!



