বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
পাঠক কর্নার

মৃত্যু…

মৃত্যু…

আমার ঘরে চাঁদের আলো ঢোকে না আর
ঘুমপরী এসে ভাঙ্গায় না ঘুম।
আসলে তো ঘুমই আসে না আমার…

সকালের এক চিলতে নরম রোদ ছড়ায় না সোনালি আভা;
হাসতে গেলে দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে জল।
সুরের সাগরে ভেসে ভেসে
হালকা পালক হয়ে উড়ে বেড়াতে চাই অমল ধবল পালে
কিন্তু পারি না। দুমড়ে মুচড়ে ওঠে বুক,
কান্না বেরিয়ে আসে বরফ গলা জলে। কি করবো আমি?
মনের সব দরোজা জানালা যে বন্ধ আমার।।

আছো কি কেউ ওগো? খুলে দাও মনের অর্গল
শ্বাস নিতে দাও বুকের গভীরে প্রাণভরে।
কর্কশ কঠিন গলায় বলে ওঠে কেউ, আছি তোর কাছে।
কে তুমি? অস্ফুট স্বরে প্রশ্ন রাখি।
সে বলে ‘মৃত্যু আমি’।
কেন এসেছো? আমি তো ডাকি নি তোমায়।
ডাকতে হয় না কখনও আমাকে।
আমি থাকি সবার পাশে পাশে ছায়া হয়ে।
যখনই সময় হয়, কাছে টেনে নিই তাকে।

জানো! কেউ ভালবাসে না আমায়। আদর করে নেয় না বুকে টেনে।
তবে তুমি কেন এলে? সময় কি হয়ে গেছে আমার!

না না। হয় নি সময়।
যখন হবে, টেনে নেব তোরে পরম আদরে বুকের গভীরে।।