বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

শীতে শুষ্ক ও রুক্ষ চুলের যত্নে সেরা স্যালন ট্রিটমেন্ট

hair_20251115_163230915

শীত এলেই অনেকের চুল হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ। চুলের এই পরিবর্তন শুধু সৌন্দর্য নয়, আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। নিয়মিত তেল দেওয়া, হেয়ার প্যাক বা মাস্ক ব্যবহার যেমন জরুরি। তেমনি সঠিক স্যালন ট্রিটমেন্ট চুলকে দ্রুত ফিরিয়ে দিতে পারে তার স্বাস্থ্য ও উজ্জ্বলতা। তবে মনে রাখতে হবে চুলের ধরন ও সমস্যার ওপর নির্ভর করে ট্রিটমেন্ট বেছে নিতে হবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শে।

কেন শীতে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়?

চুলের শুষ্কতা ও রুক্ষতার পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে—

  • অতিরিক্ত শ্যাম্পু করা
  • হেয়ার ড্রায়ার, ফ্ল্যাট বা কার্লিং আয়রনের অতিরিক্ত ব্যবহার
  • হেয়ার ডাই বা পার্মের মতো রাসায়নিক ট্রিটমেন্ট-খাদ্যতালিকায় ভিটামিন সি, ভিটামিন ই, বায়োটিন ও ক্যারোটিনের ঘাটতি

এই সমস্যাগুলো এড়িয়ে চলার পাশাপাশি সঠিক ট্রিটমেন্ট চুলের জন্য আশীর্বাদ হতে পারে।

শীতে শুষ্ক চুলের জন্য জনপ্রিয় স্যালন ট্রিটমেন্ট

সিস্টেইন ট্রিটমেন্ট

কেরাটিন প্রোটিনে থাকা প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এই ট্রিটমেন্ট চুলের গভীরে কাজ করে। চুল ধুয়ে শুকানোর পর সিস্টেইন কমপ্লেক্স লাগিয়ে কিছুক্ষণ রাখা হয়। এরপর ব্লো ড্রাই ও ফ্ল্যাট আয়রন। এতে চুল অতিরিক্ত স্ট্রেট না হয়ে স্বাভাবিকভাবেই মসৃণ ও উজ্জ্বল হয়।

কেরাটিন ট্রিটমেন্ট

রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য এটি একটি সেমি-পারমানেন্ট সমাধান। কেরাটিন ও কন্ডিশনারের মিশ্রণে চুল হয়ে ওঠে নরম, জটমুক্ত ও ঝলমলে। এই ট্রিটমেন্ট ৩–৬ মাস পর্যন্ত স্থায়ী হয় এবং চুলের জট প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমায়।

হট অয়েল ট্রিটমেন্ট

তাৎক্ষণিক মসৃণতা ও উজ্জ্বলতার জন্য এটি খুবই কার্যকর। নারকেল বা জলপাই তেল হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করা হয়। এতে চুল গভীরভাবে আর্দ্রতা পায় এবং শুষ্কতা দ্রুত কমে।

ময়েশ্চার ট্রিটমেন্ট

এই হাইড্রেশন থেরাপি চুলের ভেতর পর্যন্ত পুষ্টি ও প্রোটিন পৌঁছে দেয়। চুল মজবুত করে, আগা ফাটা ও ভেঙে যাওয়া কমায় এবং হিটিং টুলসের ক্ষতি থেকেও সুরক্ষা দেয়।

ডিটক্স ট্রিটমেন্ট

চুল ও স্ক্যাল্পে জমে থাকা রাসায়নিক ও পণ্যের অবশিষ্টাংশ দূর করতে এই ট্রিটমেন্ট খুব উপকারী। এতে স্ক্যাল্প পরিষ্কার থাকে, চুলের আর্দ্রতা বজায় থাকে এবং চুল হয় নরম ও প্রাণবন্ত। চুলের বৃদ্ধিতেও এটি সহায়তা করে।

হেয়ার স্পা

চুলের যত্নে সবচেয়ে পরিচিত ও নির্ভরযোগ্য ট্রিটমেন্ট হলো হেয়ার স্পা। বিভিন্ন পুষ্টিকর হেয়ার প্যাক ও ক্রিম ব্যবহারের মাধ্যমে চুল হয় নরম, জটমুক্ত ও উজ্জ্বল। এর প্রভাব থাকে প্রায় ৬–৮ সপ্তাহ।

টোনিং ট্রিটমেন্ট

যাঁদের চুলে রং করা তাঁদের জন্য এটি আদর্শ। রঙের ত্রুটি ঠিক করে, রঙের স্থায়িত্ব বাড়ায় এবং চুলের উজ্জ্বলতা ধরে রাখে।

হেয়ার গ্লসিং ট্রিটমেন্ট

চুলে আয়নার মতো ঝকঝকে উজ্জ্বলতা আনতে হেয়ার গ্লসিং ট্রিটমেন্ট খুব জনপ্রিয়। এটি চুলের টেক্সচার উন্নত করে এবং রুক্ষতা কমায়। বিশেষ করে রঙ করা চুলে দারুণ ফল দেয়।

সঠিক যত্ন আর উপযুক্ত স্যালন ট্রিটমেন্টে শীতেও আপনার চুল থাকতে পারে নরম, স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত।